পাহাড়ের সবুজ টিলা, বিস্তীর্ণ চা-বাগান, রাবার বাগান, পাহাড়ি ছড়া আর হাওরের জলরাশি। এর সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা। প্রকৃতি ও ইতিহাসের এমন বৈচিত্র্যময় সমাহার নিয়ে পর্যটন গন্তব্য হিসেবে গড়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার। তবে প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা, পরিকল্পিত ব্যবস্থাপনা ও প্রচারের অভাবে এখনো বিকশিত হয়নি এখানকার পর্যটনশিল্প।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় স্থান। বিশেষ করে ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া থেকে মুছাই পর্যন্ত বিস্তৃত পাহাড়ি টিলা, বনভূমি, চা-বাগান ও রাবার বাগান প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করতে পারে। বর্ষায় পাহাড়ি ছড়া ও ঘুঙ্গিয়াজুরি হাওরের জলরাশি প্রকৃতিতে ভিন্ন সৌন্দর্য যোগ করে। শীতকালেও সবুজ পাহাড়, চা-বাগান ও নির্মল পরিবেশ ভ্রমণের জন্য উপযোগী।

বাহুবলের উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে পুটিজুরীর দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, রুপাইছড়া রাবার বাগান, রশিদপুর গ্যাস ফিল্ডসংলগ্ন প্রাকৃতিক এলাকা, আলিয়া খাসিয়াপুঞ্জি এবং রশিদপুর, বৃন্দাবন, ফয়জাবাদ, কেদারপুর ও আমতলী চা-বাগান। এ ছাড়া শ্রী শ্রী হরিবল ঠাকুরের মন্দির ও শ্রী শ্রী শচী অঙ্গন মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। উপজেলা প্রশাসনের পর্যটন তালিকাতেও রিসোর্ট, রাবার বাগান, চা-বাগান ও আলিয়া খাসিয়াপুঞ্জির উল্লেখ রয়েছে।

তবে এসব স্থানে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা অপ্রতুল। গুরুত্বপূর্ণ এলাকায় নেই পর্যাপ্ত দিকনির্দেশনামূলক সাইনবোর্ড, তথ্যকেন্দ্র, বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বর্জ্য ব্যবস্থাপনা। জরুরি চিকিৎসাসেবা ও নিরাপত্তার ব্যবস্থাও পর্যাপ্ত নয়। অনেক স্থানে যাতায়াতের পথ পর্যটকবান্ধব না হওয়ায় অপরিচিত দর্শনার্থীদের গন্তব্য খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়। কোথাও কোথাও ঝুঁকিপূর্ণ পথে চলাচলে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

মিরপুর-শ্রীমঙ্গল সড়কের মুছাই এলাকা থেকে ভেতরে অবস্থিত আলিয়া খাসিয়াপুঞ্জি পর্যটকদের সামনে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে। তবে এ ধরনের এলাকায় ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বাহুবলের রয়েছে মুক্তিযুদ্ধের বেদনাবিধুর ইতিহাস। ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা-বাগান ও গ্যাস ফিল্ডসংলগ্ন ফয়জাবাদ হিল এলাকায় রয়েছে একটি বধ্যভূমি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ধরে এনে নির্যাতনের পর সেখানে হত্যা করত। স্বাধীনতার পর ওই এলাকায় অসংখ্য মানুষের কঙ্কাল পাওয়ার তথ্যও বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। যথাযথ সংরক্ষণ, স্মৃতিচিহ্ন ও তথ্যফলক স্থাপনের মাধ্যমে স্থানটিকে মুক্তিযুদ্ধভিত্তিক ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম বলেন, পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে উপজেলার দর্শনীয় স্থানগুলোকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে। কামাইছড়া-মুছাই পাহাড়ি এলাকা, চা-বাগান, রাবার বাগান, আলিয়া খাসিয়াপুঞ্জি ও ফয়জাবাদ বধ্যভূমিকে যুক্ত করে পৃথক পর্যটন রুট তৈরি করা যেতে পারে। পাশাপাশি তথ্যকেন্দ্র, নিরাপদ চলাচলের পথ, বিশ্রামাগার, শৌচাগার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, বাহুবলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ফয়জাবাদ বধ্যভূমি সংরক্ষণ, পাহাড়ি এলাকায় নিরাপদ পর্যটন পরিবেশ তৈরি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। পরিকল্পিত পর্যটনকেন্দ্র গড়ে উঠলে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, স্থানীয় খাবার ও হস্তশিল্পের প্রসার ঘটবে। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, জেলা পরিষদের উদ্যোগে আমতলী চা-বাগানের উপযুক্ত স্থানে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।