বিশ্বজুড়ে প্রকৃতি সংরক্ষণের সবচেয়ে শক্ত ভিত হলো জাতীয় উদ্যান। বন, পাহাড়, মরুভূমি, হিমবাহ থেকে শুরু করে প্রবাল প্রাচীর ও জলাভূমি পর্যন্ত নানা প্রতিবেশকে রক্ষা করছে এসব সংরক্ষিত এলাকা। তবে সব দেশ একইভাবে জাতীয় উদ্যান ঘোষণা ও পরিচালনা করে না। কোথাও কেন্দ্রীয় কর্তৃপক্ষ আছে, কোথাও আবার রাজ্য বা প্রাদেশিক ব্যবস্থায় পরিচালিত হয় পার্কগুলো। তবু সংখ্যার বিচারে কিছু দেশ স্পষ্টভাবেই এগিয়ে।
• অস্ট্রেলিয়া (৬০০-এর বেশি জাতীয় উদ্যান)
রাজ্য ও টেরিটরি মিলিয়ে অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বড় জাতীয় উদ্যান নেটওয়ার্ক গড়ে উঠেছে। রেইনফরেস্ট, মরুভূমি, উপকূল ও পাহাড়ি অঞ্চল মিলিয়ে এখানে সংরক্ষিত প্রকৃতির বৈচিত্র্য অসাধারণ।
• থাইল্যান্ড (১৪৭টি জাতীয় উদ্যান)
ঘন জঙ্গল, জলপ্রপাত, পাহাড় ও সামুদ্রিক পার্ক নিয়ে থাইল্যান্ডের জাতীয় উদ্যানগুলো এশিয়ার অন্যতম সমৃদ্ধ সংরক্ষিত এলাকা ব্যবস্থা গড়ে তুলেছে।
• ভারত (১০৭টি জাতীয় উদ্যান)
হিমালয় থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ভারতের জাতীয় উদ্যানগুলো বাঘ, সিংহ, গণ্ডার ও হাতির মতো বিরল প্রাণীর নিরাপদ আশ্রয়।
• ব্রাজিল (৭৫টি জাতীয় উদ্যান)
অ্যামাজন বন ও প্যান্টানাল জলাভূমির মতো পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রতিবেশ ব্রাজিলের জাতীয় উদ্যানগুলোর মাধ্যমে সুরক্ষিত রয়েছে।
• যুক্তরাষ্ট্র (৬৩টি জাতীয় উদ্যান)
ইয়েলোস্টোন, গ্র্যান্ড ক্যানিয়ন ও ইয়োসেমিটির মতো বিশ্বখ্যাত পার্ক নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান ব্যবস্থা পর্যটন ও সংরক্ষণ দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
• কানাডা (৩৭টি জাতীয় উদ্যান ও ১১টি ন্যাশনাল পার্ক রিজার্ভ)
আর্কটিক টুন্ড্রা থেকে পাহাড় ও উপকূল পর্যন্ত বিস্তৃত কানাডার পার্কগুলো বড় স্তন্যপায়ী প্রাণীর আবাস রক্ষা করছে।
• আর্জেন্টিনা (৩৫টি জাতীয় উদ্যান)
প্যাটাগোনিয়া, আন্দিজ ও বর্ষাবনজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনার জাতীয় উদ্যানগুলো হিমবাহ ও নদী ব্যবস্থাকে সুরক্ষা দিচ্ছে।
• দক্ষিণ আফ্রিকা (১৯টি জাতীয় উদ্যান)
ক্রুগার ন্যাশনাল পার্কসহ দক্ষিণ আফ্রিকার উদ্যানগুলো আফ্রিকার সাফারি ও বন্যপ্রাণী সংরক্ষণের অন্যতম কেন্দ্র।
• নিউজিল্যান্ড (১৩টি জাতীয় উদ্যান)
ছোট দেশ হলেও ফিয়র্ড, হিমবাহ ও আগ্নেয় পাহাড় নিয়ে নিউজিল্যান্ডের জাতীয় উদ্যানগুলো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়।
• চীন (৫টি জাতীয় উদ্যান)
২০২১ সালে চালু হওয়া নতুন ব্যবস্থার আওতায় চীন এখন পাঁচটি জাতীয় উদ্যান পরিচালনা করছে, যার মধ্যে জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক সবচেয়ে পরিচিত।