পাহাড়ঘেরা উত্তর পাকিস্তান আবারও প্রকৃতির কঠিন রূপের মুখে। টানা ভারী তুষারপাতের ফলে দেশটির একাধিক অঞ্চলে ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)।
পিএমডির এক বিবৃতিতে জানানো হয়, ২৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত দেশের উপরের অংশে তীব্র শীত ও ভারী তুষারপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে নারান, কাঘান, দির, সোয়াত, কালাম, চিত্রাল, কোহিস্তান, মানসেহরা, অ্যাবোটাবাদ, শাংলাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক বন্ধ হয়ে যেতে পারে বা অত্যন্ত পিচ্ছিল অবস্থার সৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিভাগ আরও সতর্ক করে বলেছে, এই সময়ের মধ্যে খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান ও আজাদ কাশ্মীরের পাহাড়ি এলাকায় ভূমিধস ও তুষারধসের উচ্চ সম্ভাবনা রয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এদিকে পর্যটকদের আগামী দুই দিন বিশেষভাবে সতর্ক থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পিএমডি। পাহাড়ি সড়কে চলাচলের সময় জরুরি সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ভারী তুষারপাত ও ভূমিধসের কারণে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান, গিলগিট-বালতিস্তান এবং আজাদ কাশ্মীরজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। বহু সড়ক বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন। হিমায়িত তাপমাত্রার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা।