কুয়াকাটার পরিচিত সৈকতে ছুটির দিন ও পর্যটন মৌসুমে বাড়ে মানুষের ভিড়। সেই ভিড় এড়িয়ে নিরিবিলি উপকূলীয় পরিবেশ খুঁজছেন যেসব পর্যটক, তাদের জন্য সম্ভাবনার নতুন ঠিকানা হয়ে উঠছে কাউয়ারচর। কুয়াকাটা সৈকতের পূর্ব প্রান্তে অবস্থিত এই এলাকায় বিস্তীর্ণ বেলাভূমি, চরাঞ্চল, সমুদ্র, নদীর মোহনা ও নৌযানের চলাচল মিলিয়ে তৈরি হয়েছে ভিন্ন ধরনের পর্যটন পরিবেশ।

সাগরকন্যা কুয়াকাটার প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের পশ্চিম প্রান্তে লেম্বুর বন এবং পূর্ব প্রান্তে কাউয়ারচর। রামনাবাদ নদী ও সাগরের মোহনার কাছাকাছি কাউয়ারচরের একদিকে বিশাল চরাঞ্চল, অন্যদিকে সমুদ্র। এখান থেকে পায়রা বন্দরের লাইটার জাহাজের চলাচলও দেখা যায়।

কুয়াকাটার মূল সৈকতের তুলনায় কাউয়ারচর এখনো অনেকটাই নিরিবিলি। সাতক্ষীরা থেকে আসা পর্যটক শিহাব পারভেজ বলেন, মূল সৈকতে মানুষের ব্যাপক সমাগম থাকে। কাউয়ারচরের পরিবেশ তুলনামূলক শান্ত। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটি ভালো।

পিরোজপুরের পর্যটক মো. মোশারেফ হাওলাদারের মতে, কাউয়ারচর বড় পর্যটন স্পট হতে পারে। তবে বেড়িবাঁধ থেকে সৈকতে যাওয়ার ভালো রাস্তা নেই। বর্তমানে যাতায়াতের পথ মূলত হাঁটার উপযোগী। সড়ক হলে পর্যটকের সংখ্যা বাড়বে।

যোগাযোগই বড় বাধা

কাউয়ারচরের পর্যটন সম্ভাবনার পথে সবচেয়ে বড় বাধা যোগাযোগব্যবস্থা। বর্ষা, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পর্যটকদের জন্য উপযুক্ত পরিবহনব্যবস্থাও প্রয়োজন।

এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, কুয়াকাটা থেকে লেম্বুর বন, মিশ্রিপাড়া ও গঙ্গামতি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। আগামী বাজেটে কাউয়ারচর পর্যন্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক বলেন, কাউয়ারচর কুয়াকাটা পর্যটন এলাকার অন্যতম বড় সৈকত। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পায়রা বন্দরের জাহাজ চলাচলও পর্যটকদের আকর্ষণ করে। উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করা হয়েছে।

পর্যটনে বদলাতে পারে স্থানীয় অর্থনীতি

কাউয়ারচরের সঙ্গে স্থানীয় মানুষের জীবিকা ঘনিষ্ঠভাবে যুক্ত। মাছ ধরা, কৃষিকাজ ও ছোট ব্যবসার পাশাপাশি পর্যটন বাড়লে পরিবহন, খাবারের দোকান, গাইড, স্থানীয় পণ্য ও হস্তশিল্পের নতুন বাজার তৈরি হতে পারে।

স্থানীয় জেলে মো. শাহ আলম আকন বলেন, ভালো যোগাযোগব্যবস্থা হলে পর্যটক বাড়বে এবং স্থানীয়রাও দোকানপাট করে আয় করতে পারবেন।

তবে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। কাউয়ারচরের বালুচরে লাল কাঁকড়াসহ উপকূলীয় জীববৈচিত্র্য রয়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা, যানবাহন চলাচল ও পর্যটকদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা জরুরি।

পরিকল্পিত সড়ক, পরিবেশবান্ধব অবকাঠামো এবং স্থানীয় জনগোষ্ঠীকে যুক্ত করে কাউয়ারচরকে পর্যটনের আওতায় আনা গেলে কুয়াকাটার পর্যটন পরিসর আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে জিরো পয়েন্টের ভিড়ের বাইরে নিরিবিলি উপকূল খোঁজা পর্যটকদের জন্য এটি হয়ে উঠতে পারে নতুন গন্তব্য।