শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটি এবার ভ্রমণপ্রেমীদের সামনে খুলে দিচ্ছে দেশের পাহাড়ি গন্তব্য ঘুরে দেখার সুযোগ। ২০ থেকে ২৪ অক্টোবরের এই ছুটিতে হ্রদ, পাহাড়, ঝরনা ও পাহাড়ি সংস্কৃতির স্বাদ একসঙ্গে পেতে চাইলে রাঙামাটি হতে পারে আদর্শ গন্তব্য।
শরতের নীল আকাশ, সাদা মেঘ আর সবুজ পাহাড়ের মাঝে কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ জলরাশি এ সময় রাঙামাটিকে করে তোলে আরও আকর্ষণীয়। বর্ষার পানি পুরোপুরি নেমে না যাওয়ায় হ্রদে নৌভ্রমণেও পাওয়া যায় আলাদা রোমাঞ্চ।
কেন রাঙামাটি
কাপ্তাই হ্রদ, শুভলং ঝরনা, রাজবন বিহার, ঝুলন্ত সেতু এবং আসামবস্তি-কাপ্তাই সড়ক রাঙামাটির প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে। হ্রদের বুকে নৌকায় ঘুরে পাহাড়ি দৃশ্য দেখা, দ্বীপে খাবার খাওয়া কিংবা লেকের পাশে বসে সূর্যাস্ত উপভোগ করা যায়।
এ সময় পাহাড়ি খাবারও ভ্রমণের অন্যতম আকর্ষণ। জুমের টাটকা সবজি, ভুট্টা, কুমড়া, বাঁশকোড়ল, ছোট মাছ, পাহাড়ি ছড়ার চিংড়ি ও স্থানীয় নানা ঐতিহ্যবাহী পদ পাওয়া যায়।
তিন দিন দুই রাতের পরিকল্পনা
প্রথম দিন: সকালে রাঙামাটি পৌঁছে হোটেলে ওঠার পর বোট নিয়ে কাপ্তাই হ্রদে যাওয়া যায়। এরপর শুভলং ঝরনা ঘুরে হ্রদের কোনো রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে পারেন। বিকেলে রাজবন বিহার এবং সন্ধ্যায় ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্কে সময় কাটানো যেতে পারে।
ঝুলন্ত সেতুতে যাওয়ার আগে পানির স্তর ও প্রবেশের অবস্থা জেনে নেওয়া ভালো। সেপ্টেম্বরের শুরুতে পানি সরে যাওয়ার পর সেতুটি পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল।
দ্বিতীয় দিন: সকালেই সিএনজি বা মোটরসাইকেলে আসামবস্তি-কাপ্তাই সড়কে রওনা দেওয়া যায়। এক পাশে পাহাড়, অন্য পাশে কাপ্তাই হ্রদ, পুরো পথেই মিলবে মনোরম দৃশ্য। পথে বিভিন্ন লেকভিউ রিসোর্টে কায়াকিংসহ নানা বিনোদনের সুযোগ রয়েছে।
তৃতীয় দিন: শহরের স্থানীয় বাজার ও বস্ত্রের দোকান ঘুরে চাকমা, মারমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী তাঁতের কাপড়, হস্তশিল্প, স্থানীয় ফলমূল ও স্মারক কেনা যায়। দুপুরের পর ঢাকায় বা চট্টগ্রামের পথে ফিরতে পারেন।
যেভাবে যাবেন
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল ও কলাবাগান থেকে সরাসরি বাসে রাঙামাটি যাওয়া যায়। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকেও বাস পাওয়া যায়। আকাশপথে গেলে ঢাকা থেকে চট্টগ্রাম নেমে সড়কপথে রাঙামাটি যাওয়া সুবিধাজনক।
ভ্রমণ পরামর্শ: কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করুন এবং বোটের ভাড়া ও নির্ধারিত গন্তব্যে যাওয়ার বিষয়টি আগে নিশ্চিত করে নিন।