২৮ হাজার ৫০০ টাকায় ভুটান ভ্রমণের প্যাকেজ। সংবাদমাধ্যমে এমন প্যাকেজের খবর প্রকাশের পর অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, এত কম খরচে কীভাবে ভুটান ঘুরে আসা সম্ভব? এই প্যাকেজে কি বিমানভাড়াও অন্তর্ভুক্ত, নাকি অন্য কোনো পথে যেতে হবে?
গত ৩১ অক্টোবর বাংলার কলম্বাসের ফেসবুক পেজে ‘শেষ দিনে পর্যটন মেলায় ভিড়, ২৮ হাজার টাকায় ভুটান সফরের প্যাকেজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পাঠকদের অনেকে প্যাকেজটির বিস্তারিত জানতে চান। কেউ কেউ জানতে চান, ২৮ হাজার টাকার মধ্যে বিমানভাড়া রয়েছে কি না।
এসব প্রশ্নের উত্তর জানতে বাংলার কলম্বাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ভ্রমণ আয়োজনকারী প্রতিষ্ঠান ট্রিপসাইলোর সঙ্গে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, প্যাকেজটির মূল্য জনপ্রতি ২৮ হাজার ৫০০ টাকা। এই ভ্রমণে বিমানে নয়, সড়কপথে যাতায়াত করতে হবে। ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারত প্রবেশ করে সেখান থেকে ভুটানের ফুয়েন্টশোলিং যাওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্যাকেজে ঢাকা-বুড়িমারী-ঢাকা যাতায়াতের এসি বাসভাড়া অন্তর্ভুক্ত রয়েছে। ভুটানের ভেতরে দর্শনীয় স্থান ঘোরার জন্য ব্যবহার করা হবে নন-এসি হাইয়েস বা কোস্টার।
ট্রিপসাইলোর ছয় দিন ও পাঁচ রাতের এই ভ্রমণসূচিতে রয়েছে ভুটানের তিনটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা—থিম্পু, পুনাখা ও পারো। যাত্রার প্রথম দিন রাতে ঢাকা থেকে বাসে রওনা হয়ে পরদিন সকালে বুড়িমারী পৌঁছানোর কথা। সেখান থেকে চ্যাংড়াবান্ধা সীমান্তের ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ভারতের জয়গাঁও হয়ে ভুটানের ফুয়েন্টশোলিংয়ে যাওয়া হবে। সেখানে রাতযাপনের পর দ্বিতীয় দিন থিম্পুর উদ্দেশে যাত্রা। শহরটির বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি সন্ধ্যায় ক্লক টাওয়ার এলাকায় সময় কাটানোর সুযোগ থাকবে।
তৃতীয় দিন পুনাখা ভ্রমণের পরিকল্পনা রয়েছে। পথে পর্যটকেরা দেখতে পাবেন ৩ হাজার ১০০ মিটার উচ্চতার দোচুলা পাস। আবহাওয়া অনুকূলে থাকলে এখান থেকে পূর্ব হিমালয়ের পর্বতমালার দৃশ্যও দেখা যেতে পারে। চতুর্থ দিন পারোর বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে বিখ্যাত টাইগার্স নেস্ট বা তাকসাং মঠ অথবা চেলেলা পাস ভ্রমণের সুযোগ। পঞ্চম দিন পারো থেকে ফুয়েন্টশোলিং হয়ে ভারতের চ্যাংড়াবান্ধা ও বুড়িমারী সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা। ষষ্ঠ দিন ভোরে ঢাকায় পৌঁছানোর মাধ্যমে শেষ হবে ভ্রমণ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্যাকেজে ভুটানে চার রাত তিন তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকালের নাশতা ও রাতের খাবার, দর্শনীয় স্থান ভ্রমণ, গাইড পরিষেবা এবং হোটেলের প্রযোজ্য কর ও সার্ভিস চার্জও অন্তর্ভুক্ত। এ ছাড়া ভারতীয় ট্রানজিট ভিসা প্রক্রিয়াকরণে সহযোগিতা করা হবে। তবে ভিসার ফি প্যাকেজের বাইরে।
২৮ হাজার ৫০০ টাকার বাইরে কী কী খরচ?
ট্রিপসাইলোর দেওয়া হিসাব অনুযায়ী, ভারতীয় ভিসা ফি ২ হাজার টাকা, ভ্রমণ কর ১ হাজার ১০০ টাকা এবং সীমান্তসংক্রান্ত টিপস বাবদ ৮০০ টাকা দিতে হবে। এ ছাড়া ভুটানে অবস্থানের সময় প্রতিরাতে ১৫ ডলার করে এসডিএফ (সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি) দিতে হবে। পাঁচ দিনের প্যাকেজে চার রাত হোটেলে থাকার কথা থাকায় এই খাতে জনপ্রতি মোট ৬০ ডলার অতিরিক্ত খরচ হবে। দুপুরের খাবার, প্রবেশ ফি, ব্যক্তিগত কেনাকাটা ও অন্যান্য ব্যক্তিগত খরচও প্যাকেজের অন্তর্ভুক্ত নয়।
অর্থাৎ ২৮ হাজার ৫০০ টাকা মূল প্যাকেজমূল্য হলেও ভ্রমণের প্রকৃত খরচ এর চেয়ে বেশি হবে। বিশেষ করে ডলারের বিনিময় হার অনুযায়ী এসডিএফের টাকার অঙ্ক পরিবর্তিত হবে। তাই ভ্রমণের আগে সব অতিরিক্ত খরচ হিসাব করে নেওয়ার পরামর্শ দিচ্ছে এই প্যাকেজের তথ্য।
প্যাকেজে বুকিং নিশ্চিত করতে জনপ্রতি ১৫ হাজার টাকা অগ্রিম দিতে হবে। বাকি অর্থ ভ্রমণের অন্তত সাত দিন আগে পরিশোধ করতে হবে। প্রতি কক্ষে দুজন অথবা তিনজনের থাকার ব্যবস্থা থাকবে। ভিসা না পাওয়া কিংবা বুকিং নিশ্চিত হওয়ার পর ভ্রমণ বাতিলের ক্ষেত্রে বুকিংয়ের টাকা থেকে ৫ হাজার টাকা অফেরতযোগ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ট্রিপসাইলোর প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর, ৩ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর রয়েছে ভ্রমণের নির্ধারিত যাত্রার তারিখ।
এই প্যাকেজে অংশ নিতে ভারতীয় ট্রানজিট ভিসা প্রয়োজন হবে। এ জন্য কমপক্ষে সাত মাস মেয়াদ থাকা পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এনডোর্সমেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যে, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে গত ছয় মাসের হিসাব এবং জনপ্রতি ন্যূনতম ৩০ হাজার টাকা স্থিতি থাকতে হবে। ডলার এনডোর্সমেন্টের বিকল্প হিসেবে ন্যূনতম ২০০ ডলারের কথা উল্লেখ করেছে তারা।
আগ্রহীরা ট্রিপসাইলোর ওয়েবসাইট www.tripsilo.com অথবা ০১৬৩২৫৫৫৩৩৩ ও ০১৬৮৯৭৭৭৪৪৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।