রাজধানীর ব্যস্ত নগরজীবন থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার-পরিজন নিয়ে সবুজের মধ্যে সময় কাটানোর সুযোগ খুঁজছেন নগরবাসী। সেই সুযোগ তৈরি হয়েছে পুরান ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যান ঘিরে। প্রায় ৯ বছর বন্ধ থাকার পর আধুনিকায়ন শেষে গত ২০ অক্টোবর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে উদ্যানটি। মাত্র ১০ টাকা প্রবেশমূল্যে এখানে হাঁটাহাঁটি, বিশ্রাম ও অবসর কাটানোর সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
প্রায় ২৪ একর আয়তনের এই উদ্যানটি একসময় পুরান ঢাকা ও আশপাশের এলাকার মানুষের হাঁটাহাঁটি, শরীরচর্চা এবং বিনোদনের অন্যতম জায়গা ছিল। দীর্ঘদিন উন্নয়নকাজ চলায় সেখানে প্রবেশের সুযোগ ছিল না। সম্প্রতি পুনরায় চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসছেন অনেকে।
প্রবেশমূল্য ও খোলার সময়
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী মো. মানিক জানান, উদ্যানের প্রবেশমূল্য জনপ্রতি ১০ টাকা। গত ১৯ অক্টোবর উদ্বোধনের পর ২০ অক্টোবর থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম এবং দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় পালায় উদ্যানটি খোলা থাকে।
নিরাপত্তার জন্য আনসার সদস্যরা তিন পালায় দায়িত্ব পালন করছেন। মানিকের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্বোধনের পর থেকে দুটি প্রবেশপথে প্রায় ৬ থেকে ৭ হাজার টিকিট বিক্রি হয়েছে।
উদ্যানে রয়েছে যেসব সুবিধা
১০৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্যানটিতে নির্মাণ করা হয়েছে সীমানাপ্রাচীর, নগর জাদুঘর, গ্রন্থাগার, ১২টি দোকান, ব্যায়ামাগার, গাড়ি রাখার জায়গা, লেকের পাড়, ঘাট ও হাঁটার পথ।
এ ছাড়া রয়েছে শিশুদের খেলার জায়গা, খাবারের দোকান, টেবিল টেনিস ও বিলিয়ার্ড খেলার ব্যবস্থা, এটিএম বুথ এবং ওষুধের দোকান।
তবে জাদুঘর, ব্যায়ামাগারসহ বেশ কিছু স্থাপনা এখনো চালু হয়নি। কোনো পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার আগপর্যন্ত ডিএসসিসি নিজ দায়িত্বে উদ্যানটির রক্ষণাবেক্ষণ করছে।
জুলাই স্মৃতিস্তম্ভও দর্শনার্থীদের আকর্ষণ
উদ্যানটির অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা ৯০ ফুট উচ্চতার ব্রোঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভ। ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্মৃতিস্তম্ভে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নাম খোদাই করা হয়েছে।
স্মৃতিস্তম্ভের অর্ধগোলাকার অংশে ব্রিটিশ আমল থেকে শুরু করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা হয়েছে। উদ্যানের দুই প্রবেশপথে ইংরেজি ‘২৪’ সংখ্যার আদলে দুটি ফটকও নির্মাণ করা হয়েছে।
১০ টাকার টিকিট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
উদ্যানটি চালু হলেও প্রবেশমূল্য নিয়ে দর্শনার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মনে করছেন, সামান্য প্রবেশমূল্য থাকলে পার্কের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে। আবার কারও মতে, নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ জায়গায় প্রবেশমূল্য না রাখাই ভালো।
ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্যানের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় রক্ষণাবেক্ষণের খরচ বিবেচনা করে ১০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন পরিচ্ছন্নতার কাজে অন্তত ১৫ থেকে ১৬ জন কর্মী নিয়োজিত রাখতে হয়।
দর্শনার্থী রায়হান বলেন, ‘এখনকার দিনে ১০ টাকা আসলে কিছুই না। তবে এই ১০ টাকা টিকিটের কারণে অন্তত ভবঘুরেরা পার্কে প্রবেশ করবে না। এটা সাধারণ দর্শনার্থীদের জন্যই ভালো।’
সবুজায়ন নিয়ে রয়েছে প্রশ্ন
উদ্যানটি আধুনিকায়নের পাশাপাশি পরিবেশগত কিছু প্রশ্নও সামনে এসেছে। উন্নয়নকাজে বহু গাছ কেটে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নগর পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিল মুহাম্মদ খান মনে করেন, অবকাঠামোগত উন্নয়নকে বেশি গুরুত্ব দিতে গিয়ে উদ্যানটির নিজস্ব চরিত্র নষ্ট করা হয়েছে। তাঁর মতে, প্রকৃতিবান্ধব নকশায় কাজ করা হলে প্রাকৃতিক সৌন্দর্য আরও ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হতো।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা আফতাব চৌধুরী দীর্ঘদিন পর উদ্যানটি খুলে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, ইট-পাথরের রাজধানীতে পরিবার নিয়ে সময় কাটানো ও হাঁটাহাঁটির জন্য এমন বড় সবুজ জায়গা অত্যন্ত প্রয়োজন। তবে উদ্যানের সৌন্দর্য ফিরিয়ে আনতে নতুন করে আরও বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
২০১৭ সালে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ১০৮ কোটি টাকা। পরে জুলাই স্মৃতিস্তম্ভ ও দুটি প্রবেশপথ নির্মাণে আরও ৩৮ কোটি টাকা ব্যয় হয়। সব মিলিয়ে উদ্যানটির আধুনিকায়নে ব্যয় হয়েছে প্রায় ১৪৬ কোটি টাকা।