ব্রিটেনের রেলপথের ইতিহাস প্রায় দুই শতাব্দীর বেশি পুরনো। ভিক্টোরিয়ান যুগের বাষ্পচালিত ট্রেন থেকে শুরু করে আধুনিক বৈদ্যুতিক ট্রেন— সব মিলিয়ে দেশটির রেল ঐতিহ্য বিশ্বজুড়েই বিশেষভাবে পরিচিত।
সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের সবচেয়ে পুরনো টার্মিনাল রেলস্টেশন, যা আজও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থিত লিভারপুল রোড স্টেশন পৃথিবীর সবচেয়ে পুরনো টিকে থাকা টার্মিনাল রেলস্টেশন হিসেবে স্বীকৃত।
১৮৩০ সালের সেপ্টেম্বরে নির্মিত স্টেশনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকাতেও জায়গা করে নিয়েছে।
স্টেশনটি ছিল ঐতিহাসিক লিভারপুল অ্যান্ড ম্যানচেস্টার রেইলওয়ের অংশ, যা শিল্পবিপ্লবের সময় লিভারপুল ও ম্যানচেস্টরকে যুক্ত করেছিল। এটিই ছিল বিশ্বের প্রথম বাষ্পচালিত আন্তঃনগর রেলপথগুলোর একটি, যা অঞ্চলের পরিবহন ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলে।
স্টেশনটি মাত্র ১৪ বছর যাত্রীসেবা দেওয়ার পর ১৮৪৪ সালে বন্ধ হয়ে যায়। ওই বছরই কাছাকাছি ম্যানচেস্টার ভিক্টোরিয়া স্টেশন চালু হওয়ায় যাত্রীসেবার প্রয়োজনীয়তা সেখানে স্থানান্তরিত হয়।
তবে স্টেশনটি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি। এরপর প্রায় ১৩০ বছরেরও বেশি সময় ধরে এটি পণ্য পরিবহনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। অবশেষে ১৯৭৫ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।
![]()
এরপর ঐতিহাসিক গুরুত্বের কারণে ভবনগুলো সংরক্ষণ করা হয় এবং বর্তমানে এটি সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিউজিয়ামের অংশ হিসেবে রক্ষিত রয়েছে। ব্রিটিশ ঐতিহ্য সংরক্ষণ তালিকায় এটি গ্রেড–১ মর্যাদাও পেয়েছে।
স্টেশনটির স্থাপত্যও ছিল সময়ের তুলনায় বেশ আধুনিক। এখানে ছিল খালঘেঁষা গুদামঘর, ইটের তৈরি ভায়াডাক্ট এবং প্রাচীন গার্ডার সেতুর একটি উদাহরণ, যার মাধ্যমে ট্রেন ওয়াটার স্ট্রিটের ওপর দিয়ে চলাচল করত।
তৎকালীন সময়ে যাত্রীরা সাধারণত ঘোড়ার গাড়িতে করে স্টেশনে আসতেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীদের জন্য আলাদা টিকিটঘর ছিল, আর লাগেজ গাড়ির ছাদের ওপর তোলা হতো।
ট্রেনে ওঠার আগে একটি ঘণ্টা বাজানো হতো, যে ঐতিহাসিক ঘণ্টাটি আজও স্টেশন ভবনে সংরক্ষিত আছে।
যদিও হেইহিংটন স্টেশন আরও পুরনো (১৮২৬) বলে ধরা হয়, তবু সেটি টার্মিনাল স্টেশন নয় এবং এর মূল কাঠামোর খুব কম অংশই এখন অবশিষ্ট রয়েছে।
এ কারণেই লিভারপুল রোড স্টেশনকে বিশ্বের প্রাচীনতম টিকে থাকা টার্মিনাল রেলস্টেশন হিসেবে ধরা হয়, যা আজও ইতিহাসপ্রেমী দর্শনার্থীদের আকর্ষণ করে।