টানা ঈদের ছুটি মানেই ভ্রমণের পরিকল্পনা। শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতি, ইতিহাস আর বিনোদনের মিশেলে সময় কাটাতে চাইলে উত্তরাঞ্চলের জেলা জয়পুরহাট হতে পারে চমৎকার একটি গন্তব্য। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে স্বল্প খরচে ঘুরে দেখার মতো বেশ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে এখানে, যা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে পারে।
ঈদ উপলক্ষে ইতোমধ্যে পর্যটকদের আগ্রহ বেড়েছে জয়পুরহাটের বিভিন্ন স্পটে। জেলার ভেতরে সহজ যোগাযোগ ব্যবস্থা ও কম খরচে ঘোরার সুযোগ থাকায় স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলার মানুষও ভিড় করছেন এসব স্থানে।
শিশু উদ্যান ও দ্য ফ্রেন্ডস আইল্যান্ড
জেলা শহরের কাছে অবস্থিত শিশু উদ্যান সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়। লেক, বোটিং ও শিশুদের বিভিন্ন রাইড এখানে সময় কাটানোর ভালো সুযোগ দেয়।
অন্যদিকে দ্য ফ্রেন্ডস আইল্যান্ড আধুনিক বিনোদনের জন্য পরিচিত। সুইমিংপুল ও রাইড মিলিয়ে পরিবার নিয়ে কয়েক ঘণ্টা কাটানোর জন্য এটি উপযোগী একটি স্থান।
হারাবতী ইকো রিসোর্ট
প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে চাইলে হারাবতী ইকো রিসোর্ট ভালো পছন্দ হতে পারে। গাছপালা ঘেরা পরিবেশ, সাজানো বাগান এবং শান্ত আবহ এখানে দর্শনার্থীদের মানসিক প্রশান্তি দেয়।
পাথরঘাটা ও নিমাই পীরের মাজার
তুলসীগঙ্গা নদীর তীরবর্তী পাথরঘাটা এলাকায় রয়েছে প্রাচীন নিদর্শনের ধ্বংসাবশেষ। ইতিহাসের আবহ আর নদীর প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে এটি দর্শনার্থীদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। একই এলাকায় অবস্থিত নিমাই পীরের মাজার ধর্মীয় দর্শনার্থীদেরও টানে।
লকমা রাজবাড়ি
কয়েকশ বছরের পুরোনো এই রাজবাড়ির ধ্বংসাবশেষ এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পুরোনো স্থাপত্য ও রহস্যময় পরিবেশ ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে।
নান্দাইল দিঘী ও আছরাঙ্গা দিঘী
বিশাল জলরাশি আর সবুজ পরিবেশে সময় কাটাতে নান্দাইল ও আছরাঙ্গা দিঘী বেশ জনপ্রিয়। দিঘির পাড়ে বসে সময় কাটানো কিংবা নৌকায় ভেসে বেড়ানো ঈদের ছুটিকে আরও উপভোগ্য করে তোলে।
নিঃশব্দ বিলের ঘাট
ক্ষেতলালের এই স্থানটি এখন তরুণদের কাছে বেশ জনপ্রিয়। নদীর ওপর সেতু ও ভিউ পয়েন্ট মিলিয়ে এখানে তৈরি হয়েছে মনোরম পরিবেশ।
হিন্দা কসবা শাহী জামে মসজিদ
ইসলামি স্থাপত্যশৈলীর জন্য পরিচিত এই মসজিদটি ধর্মীয় ও ঐতিহাসিক আগ্রহের একটি গুরুত্বপূর্ণ স্থান।
গোপীনাথপুর মেলা
লোকজ সংস্কৃতির স্বাদ নিতে চাইলে গোপীনাথপুর মেলা অন্যতম আকর্ষণ। দোল পূর্ণিমা ঘিরে শুরু হলেও ঈদের সময়েও এখানে থাকে দর্শনার্থীদের ভিড়। গ্রামীণ পণ্য, মেলা ও বিনোদনের আয়োজন ভ্রমণকে ভিন্ন মাত্রা দেয়।