পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের বরণে প্রস্তুত করা হয়েছে প্রাচীন বাংলার রাজধানীখ্যাত সোনারগাঁর বিভিন্ন পর্যটন কেন্দ্র। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা।

ঈদের দিন থেকেই খুলে রাখা হবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, ঐতিহাসিক পানাম নগরী, বাংলার তাজমহল ও পিরামিডসহ জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। পরিবার-পরিজন নিয়ে ছুটির আনন্দ উপভোগ করতে প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক মানুষ সোনারগাঁয়ে ভিড় করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম সিটি এবং মেঘনা নদীসংলগ্ন এলাকাগুলোতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হয়। এ কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে পুলিশ, টুরিস্ট পুলিশ ও আনসার সদস্যরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোমেন বলেন, ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক সাখাওয়াত হোসেন বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাদুঘর ও পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখতে পারেন।

টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ মাহবুল আলম বলেন, ঈদের ছুটিতে সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সেজন্য গুরুত্বপূর্ণ স্পটগুলোতে টুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, কোনো পর্যটক হয়রানি বা সমস্যার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যানজট ও সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে টুরিস্ট পুলিশ।

ঐতিহ্য, স্থাপত্য ও গ্রামীণ সংস্কৃতির অনন্য সমন্বয়ের কারণে সোনারগাঁ দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। ঈদের দীর্ঘ ছুটিতে এই ঐতিহাসিক জনপদ আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে বলে আশা স্থানীয়দের।