বর্ষার আগমনী বার্তা আর পাহাড়ি ঢলের পানিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড ঝরনা। ঈদের দীর্ঘ ছুটিতে ঝরনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। পানির প্রবল ধারা, সবুজ পাহাড় আর শীতল পরিবেশ মিলিয়ে মাধবকুণ্ড এখন পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে।

সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির প্রবাহ বৃদ্ধির ফলে মাধবকুণ্ড ঝরনার জলধারা আরও শক্তিশালী ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। পাহাড়ের গা বেয়ে সাদা ফেনার মতো পানি নিচে আছড়ে পড়ার দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। ঝরনার আশপাশের সবুজ বনভূমি, ভেজা পাথর, গুল্মলতা আর প্রাকৃতিক নীরবতা পর্যটকদের দিচ্ছে ভিন্নরকম এক অভিজ্ঞতা।

শনিবার (৩০ মে) সরেজমিনে দেখা যায়, বর্ষা মৌসুমে মাধবকুণ্ডের সৌন্দর্য অন্য সময়ের তুলনায় আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ঝরনার গর্জন, চারপাশের পাহাড়ি পরিবেশ এবং শীতল আবহ দর্শনার্থীদের কাছে সৃষ্টি করছে এক অনন্য অনুভূতি।

স্থানীয় সূত্র জানিয়েছে, ঈদের ছুটিতে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার পর্যটক মাধবকুণ্ডে আসছেন। ফলে পর্যটনকেন্দ্রজুড়ে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য ভিড়।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক বিনোদ রায় বলেন, “মাধবকুণ্ডের ঝরনার মায়াবী সৌন্দর্য আমাদের বারবার এখানে টেনে আনে। এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে।”

ঢাকা থেকে আসা লাবণী আক্তার বলেন, “শহরের ব্যস্ত ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা প্রশান্তি পেতেই প্রকৃতির কাছে ছুটে এসেছি। জায়গাটি অসাধারণ। পাশাপাশি প্রকৃতি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজর দেওয়া প্রয়োজন।”

স্থানীয় পর্যটক জালাল আহমদ ও ফয়সল আহমদ বলেন, “বর্ষার পানিতে মাধবকুণ্ড যেন নতুন রূপে সেজেছে। এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।”

পর্যটকদের ব্যাপক উপস্থিতিতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এখন বাড়তি কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। ঈদের ছুটিকে ঘিরে ব্যবসা-বাণিজ্যও জমে উঠেছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে। একই সঙ্গে দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

মাধবকুণ্ড ইকোপার্কের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক ইকবাল আহমদ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। তিনি দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত মাধবকুণ্ড ঝরনা দেশের সবচেয়ে পরিচিত জলপ্রপাতগুলোর একটি। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় প্রতিবছর এ সময় পর্যটকদের আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়।