চট্টগ্রামের মিরসরাই উপজেলার জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র রূপসী ঝরনায় দিন দিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সবুজ পাহাড়, ঝরনার স্বচ্ছ জলধারা এবং তুলনামূলক সহজ যাতায়াত ব্যবস্থার কারণে ছুটির দিনগুলোতে এখানে ভ্রমণপিপাসু মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি খুঁজতে পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিয়ে অনেকেই ছুটে আসছেন এই ঝরনায়।

পাহাড়ি পথ ধরে ঝরনার দিকে এগোতেই চোখে পড়ে ঘন সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ। ঝরনার কলকল ধ্বনি আর শীতল জলধারা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। ঝরনার পানিতে জলকেলি, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করছেন দর্শনার্থীরা।

স্থানীয়দের মতে, মিরসরাইয়ের অন্যান্য ঝরনার তুলনায় রূপসী ঝরনায় পৌঁছানো তুলনামূলক সহজ। ফলে বছরের বিভিন্ন সময়ই এখানে পর্যটকদের উপস্থিতি থাকে। তবে বর্ষা মৌসুমে ঝরনার সৌন্দর্য আরও বাড়তি মাত্রা পায়।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক ইকবাল কবির মোহন বলেন, মিরসরাইয়ের বেশ কয়েকটি ঝরনা ঘুরে দেখলেও রূপসী ঝরনায় এবারই প্রথম এসেছি। মূল ঝরনায় যাওয়ার পথে দুই পাশের সবুজ পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।

রাঙ্গামাটি থেকে ছুটিতে বাড়িতে আসা আব্দুস সালাম বলেন, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। ঝরনার পানিতে গোসল করে অন্যরকম প্রশান্তি পেয়েছি। প্রকৃতির এত কাছাকাছি সময় কাটানোর অভিজ্ঞতা সত্যিই উপভোগ্য।

পর্যটকদের বাড়তি আগমনে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। খাবারের দোকান, পরিবহনসেবা ও স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা।

রূপসী ঝরনার ইজারাদার এস এম হারুন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ঝরনার দূরত্ব কম এবং যাতায়াত পথ সহজ হওয়ায় এখানে পর্যটকদের সংখ্যা তুলনামূলক বেশি। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য গাইড সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

কীভাবে যাবেন

দেশের যেকোনো স্থান থেকে বাসযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট বাজারে নামতে হবে। সেখান থেকে বাজারের উত্তর পাশের ব্রিকফিল্ড সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাওয়া যায়। এরপর কিছুটা পথ হেঁটে পৌঁছানো যাবে রূপসী ঝরনায়। এছাড়া ব্রিকফিল্ড সড়কের মুখে নেমে অটোরিকশা ব্যবহার না করেও হেঁটে ঝরনার ট্রেইলে প্রবেশ করা সম্ভব।