দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ফলে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ, সড়ক যোগাযোগ ও পর্যটন কার্যক্রমে আবহাওয়ার প্রভাব পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের এই প্রবণতা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের প্রবণতা টানা পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।

এ সময়ে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাওয়ার পরিকল্পনা থাকলে ভ্রমণের আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস দেখে নেওয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষ করে পাহাড়ি এলাকা, নদী ও হাওর অঞ্চলে ভারি বৃষ্টির সময় স্থানীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া উচিত।