পাহাড়, ঝরনা, লেক, চা-বাগান ও বৈচিত্র্যময় সংস্কৃতির সমাহার থাকা সত্ত্বেও পর্যটকের দেখা মিলছে না পার্বত্য জেলা খাগড়াছড়িতে। সাজেক সড়কে অবরোধ ও যোগাযোগের অনিশ্চয়তার প্রভাবে জেলার পর্যটন খাতে দেখা দিয়েছে মন্দা। পর্যটক কমে যাওয়ায় হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হাজারো মানুষ পড়েছেন আর্থিক সংকটে।
পর্যটকদের বড় একটি অংশের কাছে খাগড়াছড়ি মানেই সাজেক ভ্যালি। কিন্তু সাজেকের বাইরেও জেলাটিতে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। সংশ্লিষ্টদের মতে, সাজেক ভ্রমণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পর্যটকেরা ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন। অথচ জেলার অন্যান্য দর্শনীয় স্থান সম্পর্কে পর্যাপ্ত প্রচার না থাকায় সেগুলো বিকল্প গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে না।
খাগড়াছড়ি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে আলুটিলা পাহাড় জেলার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। পাহাড়ের ওপর থেকে সবুজ প্রকৃতি, দূরের পাহাড়ের সারি ও মেঘের আনাগোনা উপভোগ করা যায়। এখানে রয়েছে আলুটিলা গুহাসহ একাধিক দর্শনীয় স্থান।
আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা কোকনাথ ত্রিপুরা জানান, আগে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি পর্যটক আসতেন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০০ থেকে ২০০ জনে। আসা পর্যটকদের অধিকাংশই স্থানীয়। পর্যটক না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা পুঁজি ভেঙে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছেন।
শহরের বাইরে রামগড় চা-বাগান, মায়াবিনী লেক, মহালছড়িতে কাপ্তাই হ্রদের অংশ এবং হাতির মাথা সিঁড়িও পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য রয়েছে পাহাড়ি সীমান্ত সড়ক। তবে সীমান্ত এলাকায় ভ্রমণের আগে নিরাপত্তা, চলাচলের অনুমতি ও প্রশাসনের নির্দেশনা মেনে চলা জরুরি। দুর্গম পাহাড়ি পথে ট্রেকিংয়ের ক্ষেত্রেও স্থানীয় গাইডের সহযোগিতা নেওয়া প্রয়োজন।
এ ছাড়া খাগড়াছড়ির পাহাড়ি হাটবাজার, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্প পর্যটকদের জন্য ভিন্ন অভিজ্ঞতার সুযোগ তৈরি করে। চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি, পাহাড়ে উৎপাদিত ফলমূল ও শাকসবজি এবং বাঁশে রান্না করা ঐতিহ্যবাহী খাবার জেলার পর্যটন আকর্ষণকে আরও বৈচিত্র্যময় করেছে।
জেলা পরিষদ হর্টিকালচার পার্কেও পর্যটকের সংখ্যা কমেছে। পার্কের টিকিট চেকার মো. আরিফ বলেন, জেলার বাইরের পর্যটক এখন আসছেন না বললেই চলে। পার্কের সৌন্দর্য বৃদ্ধি, ঝুলন্ত সেতু, লেকে প্যাডেল বোট ও নতুন রাইড যুক্ত করা হলেও পর্যটকের অভাবে এসব সুবিধার সুফল মিলছে না।
খাগড়াছড়ি শহরের অরণ্য বিলাস হোটেলের ব্যবস্থাপক মো. সাগর জানান, সাজেক সড়কে অবরোধ শুরুর পর থেকেই হোটেলের বুকিং কমতে থাকে। বর্তমানে বুকিং প্রায় শূন্যের কোঠায়।
খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক ক্যাচিং মারমা বলেন, জেলার পর্যটন খাতকে সচল রাখতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখানকার অধিকাংশ ব্যবসা-বাণিজ্য পর্যটননির্ভর। দীর্ঘদিন পর্যটকের ঘাটতি থাকলে ব্যবসায়ীরা বিনিয়োগ হারানোর ঝুঁকিতে পড়বেন।
পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুশ চাকমা জানান, জেলায় জিপ, সাফারি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্তত ৪০০ থেকে ৫০০টি যানবাহন পর্যটনকেন্দ্রিক চলাচল করে। এসব যানবাহনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত এক হাজার মানুষ জড়িত। পর্যটক কমে যাওয়ায় চালক ও সংশ্লিষ্ট কর্মীরাও কর্মহীন হয়ে পড়ছেন।
পর্যটনসংশ্লিষ্টদের মতে, খাগড়াছড়িকে সাজেকনির্ভর পর্যটন ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। জেলার অন্যান্য দর্শনীয় স্থান নিয়ে সমন্বিত প্রচার, দুই দিনের ভ্রমণ প্যাকেজ চালু, পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যাপ্ত আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।