সিলেটের গোয়াইনঘাটে পাহাড়, পাথর আর স্বচ্ছ পানির মেলবন্ধনে গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পর্যটনস্থান লক্ষণছড়া। ভারতের পাহাড়ি ঝরনা থেকে নেমে আসা জলধারা, ছোট-বড় পাথরে ভরা ঝিরিপথ এবং চারপাশের সবুজ প্রকৃতি মিলে জায়গাটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। বর্ষায় পানির প্রবাহ বেড়ে গেলে এর আকর্ষণ আরও বাড়ে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকেই জায়গাটিকে ‘বাংলাদেশের কাশ্মীর’ বলে অভিহিত করেন।
কোথায় অবস্থিত লক্ষণছড়া?
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত লক্ষণছড়া। সিলেট শহর থেকে বেশ কিছুটা দূরে এর অবস্থান। কাছেই রয়েছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছানাকান্দি ও পান্থুমাই ঝরনা। ফলে একই ভ্রমণে তিনটি স্থান ঘুরে দেখার সুযোগ রয়েছে।
লক্ষণছড়ার প্রধান আকর্ষণ পাথুরে ঝিরিপথ। ভারতের পাহাড়ি ঝরনা থেকে নেমে আসা পানির সঙ্গে ছোট-বড় অসংখ্য পাথর মিলে তৈরি করেছে দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য। সীমান্তবর্তী এলাকার একটি সেতুর নিচে পাথর জমে এই ঝিরিপথের সৃষ্টি হয়েছে। চারপাশের সবুজ পাহাড় ও স্বচ্ছ জলধারা পর্যটকদের আকৃষ্ট করে।
বর্ষাকালে পাহাড়ি পানির প্রবাহ বেড়ে যাওয়ায় জায়গাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় ঝিরিপথে পানির স্রোত ও প্রকৃতির সবুজ সৌন্দর্য উপভোগ করা যায়।
কখন যাবেন?
লক্ষণছড়া ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল। এ সময় পাহাড়ি ঝরনার পানি বেড়ে যায় এবং পাথুরে ঝিরিপথে পানির প্রবাহ তৈরি হয়। চারপাশের প্রকৃতিও থাকে সবুজ ও সজীব।
তবে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। পানির স্রোত বেশি থাকলে ঝিরি বা নদীতে নামা থেকে বিরত থাকতে হবে।
কীভাবে যাবেন?
ঢাকা থেকে বাস, ট্রেন কিংবা বিমানে সিলেট যাওয়া যায়।
বাসে নন-এসি ভাড়া প্রায় ৪০০ থেকে ৪৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা। ট্রেনে কমলাপুর থেকে সিলেটগামী আন্তনগর ট্রেনে যাওয়া যায়। আসন ও শ্রেণিভেদে ভাড়া প্রায় ১৫০ থেকে ১ হাজার ১৮ টাকা। বিমানে ঢাকা থেকে সিলেটের ভাড়া প্রায় ৩ হাজার ২০০ টাকা থেকে শুরু। পরিবহন, সময় ও টিকিটের ধরন অনুযায়ী ভাড়ার পরিবর্তন হতে পারে।
সিলেট শহরে পৌঁছে আম্বরখানা থেকে সিএনজিচালিত অটোরিকশায় হাদারপাড় যেতে পারবেন। পাঁচজন মিলে গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়তে পারে প্রায় ১ হাজার টাকা। জনপ্রতি ভাড়া সাধারণত ৮০ থেকে ২০০ টাকা। গোয়াইনঘাট বাজার থেকেও হাদারপাড় যাওয়া যায়। এ পথে জনপ্রতি ভাড়া প্রায় ৪০ টাকা।
হাদারপাড় বাজার থেকে বিছানাকান্দি, পান্থুমাই ও লক্ষণছড়া ঘুরে দেখতে নৌকা ভাড়া করতে হবে। তিনটি স্থান ঘুরে আসতে একটি নৌকার ভাড়া আনুমানিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। নৌকা ভাড়া করার আগে মাঝি লক্ষণছড়ার অবস্থান ও যাতায়াতপথ সম্পর্কে জানেন কি না, তা নিশ্চিত হওয়া ভালো।
বর্ষায় নৌকায় যাতায়াত সুবিধাজনক। শুকনো মৌসুমে পানি কম থাকলে হেঁটেও যাওয়া যায়। সে ক্ষেত্রে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগতে পারে।
বিছানাকান্দি, পান্থুমাই ও লক্ষণছড়া ঘুরে হাদারপাড় ফিরতে মোটামুটি পাঁচ ঘণ্টা লাগতে পারে। তাই যাত্রাপথে গোয়াইনঘাট বাজারে দুপুরের খাবার খেয়ে নেওয়া অথবা প্রয়োজনীয় খাবার সঙ্গে রাখা ভালো।
কোথায় থাকবেন?
লক্ষণছড়া ঘুরে দেখতে সাধারণত এক দিনই যথেষ্ট। তাই সিলেট শহরে অবস্থান করে দিনে দিনে ঘুরে আসা যায়।
সিলেট শহরের দরগা গেট, জিন্দাবাজার ও লালবাজার এলাকায় বিভিন্ন মানের হোটেল রয়েছে। সাধারণ মানের হোটেলে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা থেকে কক্ষভাড়া শুরু হতে পারে। উন্নত মানের হোটেলে ভাড়া কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। মৌসুম ও হোটেলভেদে ভাড়ার পার্থক্য রয়েছে।
কোথায় খাবেন?
সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় খাবারের জন্য বেশ কয়েকটি পরিচিত রেস্তোরাঁ রয়েছে। পাঁচ ভাই, পানশি ও পালকি রেস্তোরাঁয় স্থানীয় খাবার ও বিভিন্ন ধরনের ভর্তার স্বাদ নিতে পারেন।
এ ছাড়া হাদারপাড় বাজার ও গোয়াইনঘাট এলাকাতেও খাবারের ব্যবস্থা রয়েছে। তবে দুর্গম পর্যটন এলাকায় যাওয়ার আগে প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানীয় সঙ্গে রাখা ভালো।