চীনের ইউনান প্রদেশের শিলিন পাথুরে বন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। দূর থেকে দেখলে মনে হবে, বিস্তীর্ণ এলাকায় সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। কিন্তু কাছে গেলে বোঝা যায়, সেগুলো গাছ নয়, আকাশের দিকে উঠে থাকা বিশাল সব পাথর। কোথাও সরু স্তম্ভ, কোথাও খাঁজকাটা দেয়ালের মতো শিলা। কোনো কোনো পাথরের অবয়বে আবার মানুষ কিংবা পশুপাখির আকৃতিও খুঁজে পাওয়া যায়। এ কারণেই জায়গাটি পরিচিত ‘স্টোন ফরেস্ট’ বা পাথুরে বন নামে।

ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শিলিন। মৃদু আবহাওয়ার কারণে কুনমিং ‘চির বসন্তের শহর’ নামেও পরিচিত। সেখান থেকে সড়কপথে শিলিনে পৌঁছানো যায়।

কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস

শিলিনের পাথুরে ভূদৃশ্য গড়ে উঠেছে দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ায়। বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, প্রায় ২৭ কোটি বছর আগে এ অঞ্চল ছিল সমুদ্রের নিচে। সমুদ্রের তলদেশে জমা হওয়া চুনাপাথর পরবর্তী সময়ে ভূত্বকের পরিবর্তন, পানির প্রবাহ ও ক্ষয়ের প্রভাবে বিভিন্ন আকৃতি ধারণ করে।

দীর্ঘ সময় ধরে চলা এই প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে পাথরের উঁচু স্তম্ভ, সরু পথ ও গোলকধাঁধার মতো ভূপ্রকৃতি। কিছু শিলা কয়েক মিটার উঁচু, আবার কিছু প্রায় ৪০ মিটার পর্যন্ত বিস্তৃত।

আশিমাকে ঘিরে স্থানীয় উপকথা

শিলিনের সঙ্গে জড়িয়ে রয়েছে আশিমা নামের এক তরুণীকে ঘিরে স্থানীয় লোককাহিনি। সানি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এই গল্পে রয়েছে প্রেম, পারিবারিক বাধা ও বেদনার আখ্যান।

উপকথা অনুযায়ী, আশিমা অন্য এলাকার এক যুবকের প্রেমে পড়েছিলেন। কিন্তু পারিবারিক আপত্তিতে তাঁদের সম্পর্ক পূর্ণতা পায়নি। গভীর দুঃখে আশিমা পাথরে পরিণত হন। তাঁর পাশে একের পর এক পাথর উঠে আসে।

শিলিনের একটি পাথরের অবয়বকে স্থানীয়ভাবে আশিমার সঙ্গে তুলনা করা হয়। দূর থেকে সেটিকে মাথায় কাপড় বাঁধা ও পিঠে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণীর মতো দেখায়।

সানি জনগোষ্ঠীর মশাল উৎসব

শিলিনের সঙ্গে সানি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে। প্রতিবছর ২৪ জুনের কাছাকাছি সময়ে পালিত হয় ঐতিহ্যবাহী মশাল উৎসব। ইংরেজিতে এটি ‘টর্চ ফেস্টিভ্যাল’ নামে পরিচিত।

উৎসবকে কেন্দ্র করে লোকনৃত্য, কুস্তি, ষাঁড়ের লড়াইসহ নানা ধরনের লোকজ আয়োজন হয়। এ সময় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য কাছ থেকে দেখার সুযোগ পান পর্যটকেরা।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

শিলিন পাথুরে বন একটি বিস্তৃত ভূপ্রাকৃতিক অঞ্চল। এর উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে লিজিং পাথুরে বন, নাইগু পাথুরে বন, ঝিয়ুন গুহা, চাং হ্রদ, ইউ হ্রদ, দাদিয়ে জলপ্রপাত ও কিফেং গুহা।

২০০৭ সালে দক্ষিণ চীনের কার্স্ট ভূপ্রকৃতির অংশ হিসেবে শিলিনের কয়েকটি এলাকা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। কার্স্ট হলো চুনাপাথরের মতো দ্রবণীয় শিলা পানির দীর্ঘমেয়াদি ক্ষয়ে গঠিত বিশেষ ভূপ্রকৃতি।

পাথরের গোলকধাঁধায় ভ্রমণ

শিলিন ঘুরে দেখার জন্য রয়েছে নির্দিষ্ট হাঁটার পথ। বিশাল পাথরের মাঝখানের সরু গলি দিয়ে এগোতে গেলে কখনো মনে হবে, দুই পাশের শিলাস্তম্ভ পথ আটকে রেখেছে। আবার কোথাও পথ খুলে গিয়ে দেখা দেবে বিস্তৃত পাথুরে প্রান্তর।

এলাকার নির্দিষ্ট অংশ ঘুরে দেখার জন্য বৈদ্যুতিক যানবাহনের ব্যবস্থাও রয়েছে। তবে পাথরের গঠন কাছ থেকে দেখতে এবং প্রকৃতির বৈচিত্র্য উপভোগ করতে হাঁটাপথে ঘোরাই ভালো।