নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে পর্যটন কর বাড়িয়ে আবাসন ভাড়ার ১৬ শতাংশ করা হচ্ছে। ১২ নভেম্বর এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে নগর কর্তৃপক্ষ।

নতুন এই হার জুনে শহরটির নতুন জোট সরকারের ঘোষিত পরিকল্পনার প্রথম ধাপ। পরিকল্পনা অনুযায়ী, পর্যটন কর প্রতি বছর এক শতাংশীয় পয়েন্ট করে বাড়ানো হবে। শেষ পর্যন্ত ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

হোটেল, হোস্টেল, গেস্টহাউস, অ্যাপার্টমেন্ট, হলিডে হোম, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, স্বল্পমেয়াদি ভাড়ার আবাসন এবং ক্যাম্পসাইটে থাকা পর্যটকদের কাছ থেকে এই কর আদায় করা হবে। বর্তমানে আমস্টারডামে আবাসন ভাড়ার ১২ দশমিক ৫ শতাংশ পর্যটন কর হিসেবে নেওয়া হয়।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত পর্যটকের চাপ সামলানো এবং শহরের গণপরিসর ও বিভিন্ন নাগরিক সুবিধার ওপর চাপ কমানোর উদ্যোগের অংশ হিসেবে এ কর বাড়ানো হচ্ছে।

দ্য ইন্ডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আমস্টারডামে পর্যটকদের মোট রাত্রিযাপনের সংখ্যা ছিল ২ কোটি ৩৭ লাখ। আগের বছরের তুলনায় যা ৮ লাখের মতো বেশি।