দেশে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও বৈচিত্র্যময় পর্যটন গন্তব্যের অভাব নেই। তবুও কাঙ্ক্ষিত অগ্রগতি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে দেশের পর্যটন শিল্প। এর মূল কারণ হিসেবে দায়িত্বশীল আচরণের ঘাটতি আছে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও বাংলাদেশ সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি। এজন্য পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবার দায়িত্বশীল হওয়া জরুরি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের যৌথ আয়োজনে আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অপপ্রচার শুরু হলে যদি পর্যটন খাতের উদ্যোক্তারা সময়মতো কথা বলতেন, তাহলে বিষয়টি এতটা জটিল হতো না। আমরা অনেক সময় সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই। একই ধরনের ভুল সিলেটের সাদা পাথর ও হাওর এলাকাতেও হয়েছে।
তিনি আরও বলেন, পর্যটনের টেকসই উন্নয়নের জন্য পরিবেশ, স্থানীয় জনগোষ্ঠী এবং প্রাকৃতিক সম্পদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। না হলে সম্ভাবনাময় গন্তব্যগুলো ধীরে ধীরে আকর্ষণ হারাবে।
অনুষ্ঠানে ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি খাতে বিশেষ অবদানের জন্য ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও ৮ জন ব্যক্তি এই স্বীকৃতি পান। আয়োজকদের মতে, এই সম্মাননার লক্ষ্য হলো খাতটির সেবার মান ও পেশাদারত্ব উন্নয়নে অংশীজনদের অনুপ্রাণিত করা।
এ বছর আতিথেয়তা খাতে পাঁচ দশকের বেশি সময় ধরে অবদানের জন্য ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ। গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ জানান, দেড় শতাধিক মনোনয়ন থেকে জুরি বোর্ড যাচাই-বাছাই করে বিজয়ীদের নির্বাচন করেছে।
সম্মাননা পাওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সি পার্ল বিচ রিসোর্ট কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ হোটেল ও রিসোর্ট।