দর্শনার্থীদের ভিড় বাড়াতে গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে নতুন তিনটি সিংহ। নতুন এই সংযোজনের ফলে পার্কে সিংহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচটিতে, যা ইতোমধ্যে দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
গত ১৮ মার্চ কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক থেকে সিংহ তিনটি আনা হয়। নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও অভিযোজন প্রক্রিয়া শেষে সেগুলোকে পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে। নতুন প্রাণীদের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পার্কে দর্শনার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশেষ করে সিংহ বেষ্টনী এলাকায় ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা নতুন সিংহগুলোকে কাছ থেকে দেখতে ভিড় জমাচ্ছেন।
পার্ক সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে সিংহ ছাড়াও রয়েছে আফ্রিকান নীলগাই, ভাল্লুক, বিভিন্ন প্রজাতির হরিণ এবং গয়ালসহ দেশি-বিদেশি নানা বন্যপ্রাণী। তবে নতুন আনা সিংহগুলোই এখন দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শনার্থীদের নিরাপদে বন্যপ্রাণী উপভোগ নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে।