সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তঘেঁষা যাদুকাটা নদী ও বারেকের টিলা দেশের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন গন্তব্য হিসেবে ক্রমেই পরিচিতি পাচ্ছে। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এ অঞ্চলের সবুজ পাহাড়, স্বচ্ছ জলরাশি, বিস্তীর্ণ বালুচর এবং বৈচিত্র্যময় সংস্কৃতি পর্যটকদের জন্য তৈরি করেছে অনন্য অভিজ্ঞতার ক্ষেত্র। তবে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতায় এখনো পুরো সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি।

তাহিরপুরের সীমান্তবর্তী যাদুকাটা নদী মেঘালয়ের খাসিয়া পাহাড় থেকে নেমে এসে বাংলাদেশের বুক চিরে প্রবাহিত হয়েছে। নদীর স্বচ্ছ নীলাভ পানি, বিস্তীর্ণ বালুচর এবং পাহাড়ের প্রতিচ্ছবি দর্শনার্থীদের মুগ্ধ করে। নদীজুড়ে পাথর ও বালু পরিবহনে নিয়োজিত শ্রমিকদের কর্মচাঞ্চল্যও এ অঞ্চলের আলাদা বৈশিষ্ট্য।

দেশজুড়ে পরিচিত বারেকের টিলা স্থানীয়দের কাছে বড়গুপ টিলা নামে পরিচিত। টিলার চূড়ায় দাঁড়ালে একসঙ্গে দেখা যায় যাদুকাটা নদী, বাংলাদেশের সমতল ভূমি এবং ভারতের পাহাড়ি অঞ্চল। আঁকাবাঁকা উঁচু পথ, ঘন সবুজ বনানী ও বিভিন্ন প্রজাতির গাছগাছালিতে ঘেরা এ স্থান প্রকৃতিপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।

বারেকের টিলা ঘিরে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি ও জুম চাষের সংস্কৃতি। তাদের জীবনযাপন, আচার-অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী পোশাক পর্যটকদের সামনে ভিন্ন সাংস্কৃতিক অভিজ্ঞতার দুয়ার খুলে দেয়।

তাহিরপুরে যাদুকাটা ও বারেকের টিলার পাশাপাশি আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.)-এর আস্তানা, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান পনাতীর্থ, শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির, ইস্কন মন্দির, গরমপীরের মাজার, ব্রাহ্মণগাঁওয়ের হাবেলী দুর্গ, বড়ছড়া শুল্ক স্টেশন এবং ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উল্লেখযোগ্য।

এ অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ রামসার সাইটভুক্ত টাঙ্গুয়ার হাওর। বর্ষা ও শুষ্ক মৌসুমে ভিন্ন ভিন্ন রূপে সেজে ওঠা এই হাওর দেশ-বিদেশের পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়।

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, বারেকের টিলায় বছরজুড়েই পর্যটকদের আনাগোনা থাকে। তবে আবাসন, বিশ্রামাগার ও পর্যাপ্ত সরকারি সুবিধার অভাবে দর্শনার্থীরা নানা সমস্যার মুখোমুখি হন।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বারেকের টিলায় সব ঋতুতেই পর্যটক আসেন, কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় তারা ভোগান্তিতে পড়েন।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, বারেকের টিলা ও যাদুকাটা নদী প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয়। পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা গেলে এ অঞ্চল দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণকেন্দ্রে পরিণত হতে পারে।