প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে আবেদনকারীদের প্রত্যাশা, অনলাইনে দ্রুত স্লট পাওয়ার ব্যবস্থা করা হলে ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে।
রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) বাইরে সকাল থেকেই বিভিন্ন জেলার আবেদনকারীদের ভিড় দেখা যায়। পর্যটন, চিকিৎসা এবং তৃতীয় দেশের দূতাবাসসংক্রান্ত কাজসহ বিভিন্ন প্রয়োজনে অনেকে আবেদন জমা দিতে এসেছেন।
নরসিংদী সদর থেকে আসা খোকন কুমার সাহা মাকে নিয়ে চিকিৎসার জন্য মেডিকেল ভিসার আবেদন করেছেন। তিনি জানান, ১০ দিন আগে অনলাইনে আবেদন করেছিলেন। এবার স্লট পেয়ে আবেদনপত্র জমা দিতে এসেছেন।
খোকন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আগে সর্বশেষ ভারতে গিয়েছিলেন। তাঁর মতে, পর্যটন ভিসা পুনরায় চালু হওয়া ইতিবাচক সিদ্ধান্ত। এখন দ্রুত স্লট পাওয়ার ব্যবস্থা করা হলে সাধারণ আবেদনকারীরা আরও উপকৃত হবেন।
নোয়াখালীর বেগমগঞ্জের ইমরান হোসেন রোমানিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু বাংলাদেশে রোমানিয়ার দূতাবাস নেই, তাই সাক্ষাৎকারসহ ভিসাসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁকে ভারতের রোমানিয়ান দূতাবাসে যেতে হবে।
ইমরান বলেন, আগে ভারতের ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল। দীর্ঘদিন পর্যটন ভিসা বন্ধ থাকায় তাঁর মতো অনেক আবেদনকারী সমস্যায় পড়েছেন। নতুন করে এ সেবা চালু হওয়ায় তাঁদের কাজ সহজ হবে বলে আশা করছেন।
কুমিল্লার চান্দিনা থেকে আসা রাজিয়া সুলতান স্বামী ওবায়দুল্লাহকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে মেডিকেল ভিসার আবেদন করেছেন। তিনি জানান, সাত দিন আগে অনলাইনে আবেদন করেছিলেন এবং নির্ধারিত দিনে আবেদনপত্র জমা দিতে এসেছেন।
একইভাবে নড়াইলের বিষ্ণুপদ মজুমদারও জানান, সাত দিন আগে অনলাইনে আবেদন করার পর রোববার আবেদন জমা দেওয়ার স্লট পেয়েছেন। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় শুধু ভ্রমণপ্রেমীরাই নয়, চিকিৎসা, শিক্ষা এবং তৃতীয় দেশের দূতাবাসে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে যাঁদের ভারত যেতে হয়, তাঁরাও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।
প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও এ সেবা সম্প্রসারণ করা হতে পারে।
তথ্যবক্স
যেখানে পর্যটন ভিসার আবেদন নেওয়া হচ্ছে
ঢাকা
চট্টগ্রাম
রাজশাহী
খুলনা
সিলেট
আবেদন পদ্ধতি
আবেদন অনলাইনে করতে হবে।
নির্ধারিত স্লট পাওয়ার পর আবেদনপত্র জমা দিতে হবে।