সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমির মধ্যে ইতিহাস, প্রত্নতত্ত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সমন্বয় ঘটেছে আলউলায়। খাড়া বেলেপাথরের পাহাড়, পাথর কেটে তৈরি প্রাচীন সমাধি, মরূদ্যান ও হাজার বছরের পুরোনো প্রত্নস্থল মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই অঞ্চল।
আলউলার সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণ হেগরা। এটি সৌদি আরবের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল। প্রাচীন নাবাতীয় সভ্যতার গুরুত্বপূর্ণ এই নগরীতে মরুভূমির বেলেপাথর কেটে তৈরি শতাধিক সমাধি রয়েছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, সংরক্ষিত ১১১টি স্মারক সমাধির মধ্যে ৯৪টির সম্মুখভাগে রয়েছে বিভিন্ন ধরনের অলংকরণ।
হেগরার পাথুরে সমাধিগুলোর স্থাপত্য প্রায় দুই হাজার বছর আগে এই অঞ্চলের মানুষের নির্মাণকৌশলের উন্নত অবস্থার প্রমাণ দেয়। প্রাচীন কূপ, পানির ব্যবস্থা, দেয়াল ও বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ থেকেও সে সময়ের জীবনযাত্রা ও প্রকৌশল দক্ষতার ধারণা পাওয়া যায়।
ইতিহাস ছড়িয়ে আছে পুরো আলউলায়
আলউলার আরেক গুরুত্বপূর্ণ প্রত্নস্থল দাদান। একসময় দাদান ও লিহইয়ান রাজ্যের রাজধানী ছিল এই প্রাচীন নগরী। পাথর কেটে তৈরি সমাধি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি কাছেই রয়েছে জাবাল ইকমাহ।
পাহাড়ের গায়ে খোদাই করা শত শত প্রাচীন লিপি ও চিত্রের কারণে জাবাল ইকমাহকে আলউলার ‘খোলা আকাশের গ্রন্থাগার’ বলা হয়। ইতিহাস ও প্রত্নতত্ত্বে আগ্রহী ভ্রমণকারীদের জন্য স্থানটি বিশেষ আকর্ষণীয়।
প্রত্নস্থলের পাশাপাশি আলউলার প্রাকৃতিক সৌন্দর্যও উল্লেখযোগ্য। বিশাল বেলেপাথরের গঠন, মরুভূমির উপত্যকা, সবুজ মরূদ্যান এবং বিখ্যাত এলিফ্যান্ট রক এখানকার ভ্রমণ অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করে। হেগরা, এলিফ্যান্ট রক, ওল্ড টাউন, মরূদ্যান ও শারান নেচার রিজার্ভ আলউলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে।
ভ্রমণের আগে যা জানা দরকার
আলউলার কিছু ঐতিহাসিক স্থান নির্দিষ্ট ভ্রমণসূচি বা গাইডের মাধ্যমে ঘুরতে হয়। যেমন জাবাল ইকমাহে নিজস্ব গাড়ি নিয়ে সরাসরি যাওয়ার অনুমতি নেই। সংগঠিত ভ্রমণসূচির মাধ্যমে সেখানে যেতে হয়। ট্যুরের সংখ্যা সীমিত হওয়ায় আগেভাগে বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করলে তাই আলউলাকে শুধু মরুভূমির গন্তব্য হিসেবে দেখলে চলবে না। প্রাচীন নাবাতীয় সভ্যতার নিদর্শন, পাথরে খোদাই করা ইতিহাস এবং অনন্য মরুভূমির ভূদৃশ্যের সমন্বয়ে আলউলা হতে পারে মধ্যপ্রাচ্য ভ্রমণের একটি স্মরণীয় গন্তব্য।