শহরের ব্যস্ততা ও যান্ত্রিক জীবন থেকে সাময়িক মুক্তি পেতে অনেকেই ছুটে যান পাহাড়, বন বা নদীর ধারে। প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর অন্যতম জনপ্রিয় উপায় ক্যাম্পিং। তবে পরিকল্পনা ছাড়া ক্যাম্পিং আনন্দের বদলে ভোগান্তির কারণ হতে পারে। নিরাপত্তা, খাবার, আশ্রয় ও প্রয়োজনীয় সরঞ্জামের সঠিক প্রস্তুতি থাকলে ভ্রমণ হয়ে ওঠে স্বস্তিদায়ক ও উপভোগ্য।
ক্যাম্পিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা। আবহাওয়া ও জায়গা বিবেচনায় মানসম্মত তাবু নির্বাচন করা জরুরি। এমন তাবু নিতে হবে যা বৃষ্টি, বাতাস ও পোকামাকড় থেকে সুরক্ষা দিতে পারে এবং সহজে বহনযোগ্য। মাটির ঠাণ্ডা ও আর্দ্রতা এড়াতে মাদুর, কার্পেট বা মোটা চাদর রাখতে হবে। ঠাণ্ডা এলাকায় গেলে কম্বল বা স্লিপিং ব্যাগ বাড়তি আরাম দেবে।
খাবার ও পানির পরিকল্পনাও সমান গুরুত্বপূর্ণ। শুকনা খাবার, সহজে রান্না করা যায় এমন উপকরণ এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। পানির উৎসের কাছাকাছি তাবু স্থাপন করলে রান্না ও অন্যান্য কাজে সুবিধা হয়। ছোট বহনযোগ্য চুলা, রান্নার পাত্র, ছুরি, প্লেট, গ্লাস ও পরিষ্কার করার সামগ্রী সঙ্গে রাখলে রান্না সহজ হয়। খাবার সংরক্ষণের জন্য কুলার বা পানিরোধী ব্যাগ ব্যবহার করা ভালো।
রাতের অন্ধকারে চলাচলের জন্য আলোর ব্যবস্থা অপরিহার্য। টর্চ, হেডল্যাম্প বা বহনযোগ্য লাইট নিরাপত্তা নিশ্চিত করে এবং জরুরি কাজে সহায়তা করে। তাবুর আশপাশে সীমিত আলো রাখলে পরিবেশও নিরাপদ থাকে।
ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়টি অবহেলা করা যাবে না। সাবান, টিস্যু, তোয়ালে, জীবাণুনাশক, ময়লার ব্যাগ ও প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী রাখতে হবে। পরিবেশ রক্ষার জন্য পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা রাখা জরুরি এবং প্লাস্টিক সঙ্গে ফিরিয়ে আনা উচিত।
আবহাওয়া দ্রুত পরিবর্তিত হতে পারে বলে হালকা ও গরম দুই ধরনের পোশাক রাখা প্রয়োজন। রেইনকোট, অতিরিক্ত জামা ও আরামদায়ক জুতা ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করে। পোশাক শুকনা রাখতে পানিরোধী ব্যাগ ব্যবহার করা ভালো।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা অত্যন্ত জরুরি। ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক, প্রয়োজনীয় ওষুধ, মশা প্রতিরোধক ও একটি ফার্স্টএইড কিট সঙ্গে রাখা নিরাপত্তা নিশ্চিত করে।
ক্যাম্পিং শুধু থাকা নয়, প্রকৃতিকে উপভোগ করার সুযোগও। ভাঁজ করা চেয়ার, বই, বোর্ড গেম বা হালকা বিনোদনের ব্যবস্থা সময়কে আরও আনন্দময় করে তোলে। শব্দ দূষণ এড়িয়ে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই দায়িত্বশীল ভ্রমণকারীর পরিচয়।