কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামী তিন দিন দেশের সব বিভাগে কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রাতে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছে, আগামী তিন দিনও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে চলমান তাপপ্রবাহের প্রভাব কিছুটা কমে আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
নরসিংদীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে।
একই সময়ে চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার, চাঁদপুরে ৩৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৩২ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করেছে আবহাওয়া অধিদপ্তর।
কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে রাজধানী ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কয়েকটি নদীবন্দরে সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।