যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে যাত্রীদের নানা ধরনের বিশৃঙ্খল আচরণ— বর্তমান সময়ে এয়ারলাইন পরিচালনা করা সহজ নয়। এর মধ্যেও যেসব এয়ারলাইন যাত্রীসেবায় এগিয়ে রয়েছে, তাদের স্বীকৃতি দিতে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে স্কাইট্রেকস ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস। 
২০২৬ সালের ‘বিশ্বসেরা এয়ারলাইন’ নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। খবর: সিএনএন
লন্ডনের দ্য ল্যাংহাম হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুর এয়ারলাইনসের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কাইট্রেকস অ্যাওয়ার্ডস-কে বিমান চলাচল শিল্পের ‘অস্কার’ হিসেবেও বিবেচনা করা হয়।
এটি স্কাইট্রেকস-এর ২৫ বছরের ইতিহাসে সিঙ্গাপুর এয়ারলাইনসের ষষ্ঠবারের মতো শীর্ষ পুরস্কার জয়। এর আগে তারা ২০২৩ ও ২০১৮ সালে এবং ২০০০-এর দশকে কয়েকবার এই পুরস্কার পেয়েছিল। গতবারের বিজয়ী কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হয়েছে। গত ১৫ বছরে কাতার এয়ারওয়েজ নয়বার এই পুরস্কার জিতেছে।
২০২৬ সালের শীর্ষ ছয়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের পর রয়েছে কাতার এয়ারওয়েজ, ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, অল নিপ্পন এয়ারওয়েজ, তার্কিশ এয়ারলাইনস এবং এমিরেটস। শীর্ষ ২০-এ জায়গা পেয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় এয়ারলাইন। তবে যুক্তরাষ্ট্রের কোনো এয়ারলাইন এই তালিকায় স্থান পায়নি। উত্তর আমেরিকা থেকে একমাত্র প্রতিনিধি ছিল এয়ার কানাডা।
সিঙ্গাপুর এয়ারলাইনস একই সঙ্গে সেরা ইকোনমি ক্লাস এবং সেরা ইকোনমি ক্লাস ক্যাটারিং পুরস্কারও পেয়েছে। কাতার এয়ারওয়েজ জিতেছে মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইনের পুরস্কার। পাশাপাশি তাদের ব্যবসায়িক শ্রেণি, ইনফ্লাইট ওয়াই-ফাই ও বিজনেস-ক্লাস লাউঞ্জও পুরস্কৃত হয়েছে।
অন্যান্য পুরস্কারের মধ্যে এয়ার ফ্রান্স সেরা ফার্স্ট ক্লাস, ইভা এয়ার সেরা প্রিমিয়াম ইকোনমি এবং এয়ারএশিয়ার সেরা বাজেট এয়ারলাইন নির্বাচিত হয়েছে। ব্যাংকক এয়ারওয়েজ এশিয়ার সেরা এয়ারলাইন এবং বিশ্বের সেরা আঞ্চলিক এয়ারলাইন হয়েছে। আফ্রিকায় সেরা ইথিওপিয়ান এয়ারলাইনস, দক্ষিণ আমেরিকায় ল্যাটাম এবং ইউরোপে তার্কিশ এয়ারলাইনস।
স্কাইট্রেকস জানিয়েছে, এসব পুরস্কার বিশ্বজুড়ে যাত্রীদের সন্তুষ্টি নিয়ে পরিচালিত একটি জরিপের ভিত্তিতে দেওয়া হয়েছে। এ বছর নতুন প্রজন্মের তাইওয়ানিজ এয়ারলাইন স্টারলাক্স এয়ারলাইনস পাঁচ তারকা রেটিং অর্জনের পাশাপাশি সবচেয়ে পরিচ্ছন্ন কেবিনের পুরস্কারও পেয়েছে।
২০২৬ সালের শীর্ষ ১০ এয়ারলাইন: ১. সিঙ্গাপুর এয়ারলাইনস ২. কাতার এয়ারওয়েজ ৩. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ৪. অল নিপ্পন এয়ারওয়েজ ৫. তার্কিশ এয়ারলাইনস ৬. এমিরেটস ৭. এয়ার ফ্রান্স ৮. হাইনান এয়ারলাইনস ৯. জাপান এয়ারলাইন্স ১০. কোরিয়ান এয়ার