বিদেশ ভ্রমণের বাজেট শুধু বিমান টিকিট ও হোটেলের খরচে সীমাবদ্ধ নয়। মুদ্রা বিনিময়, অতিরিক্ত লাগেজ, কার্ডের লেনদেন ফি, খাবার, স্থানীয় যাতায়াত ও অপ্রয়োজনীয় কেনাকাটাও শেষ পর্যন্ত মোট ব্যয় বাড়িয়ে দিতে পারে। তাই ভ্রমণের আগে কিছু সিদ্ধান্ত পরিকল্পিতভাবে নিলে একই ভ্রমণ তুলনামূলক কম খরচে করা সম্ভব।

একক ভ্রমণকারী ও ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা জয়ন্ত শর্মার পরামর্শে বিদেশ ভ্রমণে ব্যয় নিয়ন্ত্রণের কয়েকটি কৌশল তুলে ধরা হলো।

বিমান টিকিটের দাম তুলনা করুন

টিকিট কাটার আগে একাধিক মাধ্যমে ভাড়া তুলনা করা ভালো। গুগল ফ্লাইটসের ক্যালেন্ডার ও মূল্য-গ্রাফ এবং স্কাইস্ক্যানারের নমনীয় তারিখের সুবিধা ব্যবহার করে কাছাকাছি দিনের ভাড়া দেখা যায়। নির্দিষ্ট দিনেই সবচেয়ে কম ভাড়া পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। স্কাইস্ক্যানারও বলছে, ভাড়া পরিবর্তনশীল এবং নির্দিষ্ট কোনো সময়ই সর্বদা সস্তা নয়।

জয়ন্তের পরামর্শ অনুযায়ী, মঙ্গলবার বা বুধবারের ভাড়া তুলনা করা যেতে পারে। পাশাপাশি অন্তত ছয় থেকে আট সপ্তাহ আগে টিকিট খোঁজা এবং তারিখে নমনীয়তা রাখা উপকারী হতে পারে। তবে বুকিংয়ের সেরা সময় গন্তব্য, মৌসুম ও চাহিদার ওপর নির্ভর করে।

এক দিন আগে-পরে ভাড়া দেখুন

নির্ধারিত তারিখের এক দিন আগে বা পরে বিমান ধরলে কখনো কখনো উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়। গুগল ফ্লাইটস প্রতিটি দিনের ভাড়া তুলনা এবং মূল্য কমলে সতর্কবার্তা পাওয়ার সুবিধা দেয়।

একা গেলে হোস্টেল বিবেচনা করুন

একক ভ্রমণকারী বা ব্যাকপ্যাকারদের জন্য হোটেলের পরিবর্তে ভালো মানের হোস্টেল তুলনামূলক কম খরচের বিকল্প হতে পারে। তবে বুকিংয়ের আগে অবস্থান, নিরাপত্তা, পর্যালোচনা ও সুযোগ-সুবিধা যাচাই করা জরুরি।

বিদেশে কার্ড ব্যবহারে ফি দেখুন

বিদেশে কার্ড ব্যবহারের আগে মুদ্রা রূপান্তর হার, লেনদেন ফি ও অন্যান্য চার্জ জেনে নিন। বিশেষায়িত বৈদেশিক মুদ্রার কার্ড কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচ কমাতে পারে। তবে প্রতিটি সেবার শর্ত আলাদা, তাই ব্যবহারের আগে ফি তুলনা করা উচিত।

বিমানবন্দরে বড় অঙ্কের টাকা বদলাবেন না

বিমানবন্দরের মুদ্রা বিনিময় কেন্দ্রের হার অনেক সময় শহরের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম সুবিধাজনক হতে পারে। প্রয়োজন হলে শুরুতে অল্প পরিমাণ অর্থ বদলে পরে বিভিন্ন প্রতিষ্ঠানের হার তুলনা করা যেতে পারে।

পর্যটক হিসেবে করছাড়ের সুবিধা নিন

জাপানে যোগ্য বিদেশি পর্যটকদের নির্দিষ্ট দোকানে করমুক্ত কেনাকাটার সুবিধা রয়েছে। বর্তমান নিয়মে সাধারণ পণ্য বা ভোগ্যপণ্য মিলিয়ে নির্দিষ্ট শর্তে একই দোকানে এক দিনে কর-পূর্ব মূল্য কমপক্ষে ৫ হাজার ইয়েন হলে সুবিধাটি প্রযোজ্য হতে পারে। পাসপোর্ট ও অন্যান্য শর্তও প্রযোজ্য।

প্রয়োজনীয় জিনিস বাড়ি থেকেই নিন

পোশাক, ওষুধ, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসের তালিকা করে আগেই ব্যাগ গোছান। বিদেশে জরুরি কোনো পণ্য কিনতে গিয়ে অপ্রত্যাশিত খরচ এড়ানো যায়।

ছোট খরচের হিসাব রাখুন

এটিএম ফি, কার্ডের মুদ্রা রূপান্তর খরচ, অতিরিক্ত লাগেজ, স্থানীয় পরিবহন ও অন্যান্য সেবার ফি আলাদা করে হিসাব করুন। ছোট ছোট খরচ মিলেই ভ্রমণের বাজেটে বড় চাপ তৈরি করতে পারে।

কেনাকাটার বদলে অভিজ্ঞতায় গুরুত্ব

অপ্রয়োজনীয় কেনাকাটার বদলে স্থানীয় সংস্কৃতি, দর্শনীয় স্থান, খাবার বা বিভিন্ন কার্যক্রমে অর্থ ব্যয় করলে ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ হতে পারে।