টোকিও ও সিউল—এশিয়ার দুই জনপ্রিয় রাজধানী। দুই শহরেই পর্যটন দ্রুত বাড়ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার এই দুই রাজধানী ভ্রমণকারীদের জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা দেয়। তবে দুটির মিলও আছে—দেখার ও করার মতো অসংখ্য কিছু।
টোকিও: বিশাল শহরের অভিজ্ঞতা
বিশালত্ব ও প্রাণচাঞ্চল্যের দিক থেকে টোকিওর সঙ্গে খুব কম শহরের তুলনা চলে। ২০২৫ সালে জাপানের রাজধানীতে রেকর্ড ২ কোটি ৮৬ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক পর্যটক গেছেন।
শহরটি এত বড় যে মনে হতে পারে, এক শহরের ভেতরেই অনেকগুলো আলাদা শহর রয়েছে। শিনজুকু, শিবুয়া, হারাজুকু, আকিহাবারা, রপ্পঙ্গি ও গিনজার প্রত্যেকটিরই আলাদা বৈশিষ্ট্য।
শিনজুকু স্টেশন বিশ্বের ব্যস্ততম রেলস্টেশনগুলোর একটি। প্রতিদিন ২৭ লাখের বেশি যাত্রী এখান দিয়ে যাতায়াত করেন এবং স্টেশনটিতে রয়েছে ২০০টিরও বেশি বের হওয়ার পথ।
আধুনিক টোকিওর পাশাপাশি রয়েছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য। আসাকুসার সেনসো-জি মন্দির, শিবুয়ার মেইজি জিঙ্গু শ্রাইন, ঐতিহ্যবাহী বাগান ও নানা সাংস্কৃতিক স্থাপনা পর্যটকদের আকর্ষণ করে।
খাবারের জন্যও টোকিও বিখ্যাত। বিশ্বের অন্য যেকোনো শহরের চেয়ে এখানে মিশেলিন-তারকা পাওয়া রেস্তোরাঁ বেশি। তবে দামি খাবারের পাশাপাশি রাস্তার খাবারও বেশ জনপ্রিয়।
সময় থাকলে টোকিও থেকে মাউন্ট ফুজি ও ফুজি ফাইভ লেকস অঞ্চলে এক-দুই দিনের ভ্রমণ করা যায়।
সিউল: কে-কালচারে পর্যটনের উত্থান
কে-পপ, কে-ড্রামা, কোরিয়ান খাবার, ফ্যাশন ও সৌন্দর্যচর্চার জনপ্রিয়তায় সিউল এখন বিশ্বের অন্যতম আলোচিত নগরভ্রমণ গন্তব্য।
টাইম আউটের ২০২৬ সালের বিশ্বের সেরা ৫০ শহরের তালিকায় সিউল নবম স্থানে রয়েছে। শহরের জংনো ৩-গা এলাকাকে বিশ্বের অন্যতম মুখরিত বা প্রাণবন্ত শহর হিসেবে তুলে ধরা হয়েছে।
২০২৬ সালের প্রথম ছয় মাসে সিউলে রেকর্ড ৮২ লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক গেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বেশি।
সিউলের পুরোনো ও আধুনিক রূপ পাশাপাশি দেখা যায়। গিয়ংবকগুং প্রাসাদ, বুকচন হানোক ভিলেজ, গ্যাংনাম, মিয়ংডং, হংদে ও শংসুর মতো এলাকাগুলো পর্যটকদের আকর্ষণ করে।
কোরিয়ান বারবিকিউ, সোঝু ও ‘চিম্যাক’—ভাজা মুরগি ও বিয়ারের জনপ্রিয় জুটি—খাবারপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ। শহরে মিশেলিন-তারকা পাওয়া ৪২টি রেস্তোরাঁ রয়েছে।
হান নদীর তীর, ন্যাশনাল পার্ক, এন সিউল টাওয়ার ও চেওংগিচেওনও ঘুরে দেখা যায়। চাইলে সিউল থেকে ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেডেও যাওয়া যায়।
টোকিও ও সিউলের মধ্যে সরাসরি ফ্লাইটে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। তাই সুযোগ থাকলে একটি ভ্রমণেই দুই শহর ঘুরে দেখা সম্ভব।