২০২৫ সালের বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী যাওয়া জাদুঘরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিমড এন্টারটেইনমেন্ট অ্যাসোসিয়েশন (টিইএ)। শীর্ষ ২০টির মধ্যে ১২টিই চীনে। তালিকার প্রথম স্থানও দেশটির দখলে।

বেইজিংয়ের প্যালেস মিউজিয়াম ২০২৫ সালে প্রায় ১ কোটি ৯০ লাখ দর্শনার্থী পেয়েছে। দ্বিতীয় অবস্থানে একই শহরের সামার প্যালেস, যেখানে গেছেন ১ কোটি ৭৩ লাখ ৮১ হাজার মানুষ। তৃতীয় স্থানে রয়েছে শিয়ানের মিউজিয়াম অব এম্পেরর কিন শিহুয়াংস মসোলিয়াম সাইট। এর দর্শনার্থী সংখ্যা প্রায় ১ কোটি ৯ লাখ ৭০ হাজার।

চীনের জাদুঘরগুলোর জনপ্রিয়তার পেছনে বড় অভ্যন্তরীণ দর্শকগোষ্ঠীর পাশাপাশি বিনা মূল্যে প্রবেশের সুযোগও ভূমিকা রেখেছে। দেশটির নিবন্ধিত ৭ হাজার ১৮৮টি জাদুঘরের ৯১ শতাংশে প্রবেশ বিনা মূল্যে বলে জানিয়েছে টিইএ।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সের প্যারিসের লুভর জাদুঘর। ২০২৫ সালে সেখানে গেছেন প্রায় ৯০ লাখ ৪৬ হাজার দর্শনার্থী। পঞ্চম স্থানে ভার্সাই প্রাসাদ, যার দর্শনার্থী ৮৪ লাখ।

এ ছাড়া শীর্ষ ২০-এ রয়েছে যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও ব্রিটিশ মিউজিয়াম, ভ্যাটিকান মিউজিয়াম, দক্ষিণ কোরিয়ার গিয়ংবকগুং প্রাসাদ ও ন্যাশনাল মিউজিয়াম অব কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট।
বিশ্বের শীর্ষ ২০ জাদুঘরের মধ্যে চীনের বাইরে ফ্রান্স, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার দুটি করে এবং যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকান সিটির একটি করে জাদুঘর জায়গা পেয়েছে।

তালিকাটি দেখাচ্ছে, ইতিহাস, প্রত্নতত্ত্ব, শিল্পকলা ও বিজ্ঞানভিত্তিক জাদুঘরগুলো এখনো বিশ্ব পর্যটনের অন্যতম আকর্ষণ। অনেক পর্যটকের কাছে এসব জাদুঘর কেবল দর্শনীয় স্থান নয়, বরং ভ্রমণের প্রধান উদ্দেশ্যও।