সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। তবে পর্যটন মৌসুমের প্রথম দিনেও দ্বীপে যাতায়াতের জন্য কোনো পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি পায়নি। প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র এবং পর্যটক নিবন্ধনের ব্যবস্থা সম্পন্ন না হওয়ায় আপাতত বন্ধ রয়েছে জাহাজ চলাচল। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সব প্রস্তুতি শেষ হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলের অনুমতি পেতে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ছাড়পত্র নেওয়ার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। পাশাপাশি পর্যটকদের নিবন্ধনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ব্যবস্থাও পুরোপুরি কার্যকর হয়নি।
জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান সায়েম বলেন, পর্যাপ্ত কাগজপত্র জমা না পড়ায় এখন পর্যন্ত কোনো জাহাজকে সেন্টমার্টিনে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। আগামী বুধবার জেলা প্রশাসক দ্বীপে গিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এরপর জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
অন্যদিকে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (প্রশাসন ও সমন্বয়) নিজাম উদ্দিন জানিয়েছেন, পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে বোর্ডের দায়িত্ব মূলত ট্রাভেল পাস প্রদান করা। এ কার্যক্রমের প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন রয়েছে।
সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজ চলাচলের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র, নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদন, বিআইডব্লিউটিএর রুট পারমিট এবং কক্সবাজার জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন। এসব প্রক্রিয়া এখনো শেষ হয়নি। পর্যটকদের তথ্য সংগ্রহের জন্য ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও প্রস্তুত হয়নি। ফলে নির্ধারিত সময়ে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে না।
তবে বিআইডব্লিউটিএ চট্টগ্রাম বিভাগ ও কক্সবাজার নদীবন্দরের উপপরিচালক নয়ন শীল বলেন, সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য এখন পর্যন্ত কোনো জাহাজ মালিক রুট পারমিটের আবেদন করেননি। আবেদন পাওয়ার পর জাহাজ পরিদর্শন করে অনুমোদন দেওয়া হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, জাহাজের ফিটনেস ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করে চলাচলের অনুমতি দেওয়া হবে না। জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে চলাচল শুরুর নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হতে পারে।
তিনি আরও জানান, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট ছাড়া টেকনাফ, শাহপরীর দ্বীপ কিংবা উখিয়া থেকে নৌযানে সেন্টমার্টিন যাওয়ার সুযোগ নেই। সরকার অনুমোদিত জাহাজে অনলাইন নিবন্ধনের মাধ্যমে পর্যটকদের দ্বীপে যেতে হবে।
এদিকে, দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় দ্বীপে বেওয়ারিশ কুকুরের জন্য আশ্রম এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ চালু করা হয়েছে।