বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড এবার আন্তর্জাতিক পর্যটন প্রচারণায় যুক্ত করেছে প্রেম ও খাবারের অভিজ্ঞতা। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন দেশের ১৬ জন অবিবাহিতকে সম্পূর্ণ বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে। বিশেষ এই আয়োজনে স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি ফিনিশ অবিবাহিতদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। হেলসিংকি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে হবে এর বিভিন্ন কার্যক্রম। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক অতিথিরা স্থানীয় অবিবাহিতদের সঙ্গে বিশেষ নৈশভোজে অংশ নেবেন।

ভ্রমণের অন্যতম আকর্ষণ ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী খাবার। অংশগ্রহণকারীরা দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন শেফের তৈরি খাবারের পাশাপাশি বুনো মাছ, বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুমের মতো স্থানীয় উপাদানে তৈরি পদ চেখে দেখার সুযোগ পাবেন।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণনের জ্যেষ্ঠ পরিচালক হেলি হিমেনেজ এক সরকারি বিবৃতিতে বলেন, ফিনিশ খাবার দেশটির সুখী জীবনযাত্রার সরাসরি প্রকাশ। এটি স্থান, ঋতু ও আশপাশের মানুষের সঙ্গে সংযোগ তৈরির একটি মাধ্যম। খাবার ফিনিশদের একত্র করে। তাই ভ্রমণকারীদের সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশটির সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে।

এই প্রচারণার ধারণা এসেছে ফিনল্যান্ডের ‘সিঙ্গল বাস্কেট’ বা অবিবাহিতদের ঝুড়ি নামের একটি জনপ্রিয় সামাজিক প্রবণতা থেকে। দেশটির কয়েকটি সুপারমার্কেট চেইনে গোলাপি রঙের শপিং ঝুড়ি রাখা হয়েছে। অবিবাহিত ক্রেতারা এসব ঝুড়ি ব্যবহার করে অন্যদের কাছে নিজেদের পরিচিত হওয়া বা ডেটিংয়ে আগ্রহের ইঙ্গিত দিতে পারেন।

ভিজিট ফিনল্যান্ডের মতে, ইতালীয় ও চীনা খাবারসহ বিশ্বের বিভিন্ন দেশের রন্ধনশৈলী আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও ফিনিশ খাবার এখনো তুলনামূলকভাবে কম পরিচিত। সনা সংস্কৃতি থেকে শুরু করে বন থেকে খাবার সংগ্রহের ঐতিহ্য, ফিনল্যান্ডের খাদ্যসংস্কৃতিতে দেশটির প্রকৃতি ও জীবনযাত্রার বিশেষ প্রতিফলন রয়েছে।

হেলি হিমেনেজ আশা প্রকাশ করেন, এই আয়োজনে অংশ নিয়ে ভ্রমণকারীরা হয়তো নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়বেন, ফিনিশ খাবারের প্রেমে পড়বেন কিংবা ফিনল্যান্ডকে নিজেদের পছন্দের নতুন ভ্রমণ গন্তব্য হিসেবে আবিষ্কার করবেন।

সূত্র: এনডিটিভি ও ফোর্বস