সাজেক ভ্যালিতে টানা অবরোধ ও যোগাযোগের অনিশ্চয়তায় পর্যটকশূন্য হয়ে পড়ছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো। পর্যটকদের আগমন কমে যাওয়ায় হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন ও স্থানীয় পর্যটননির্ভর ব্যবসায় দেখা দিয়েছে স্থবিরতা। কোথাও পর্যটকের সংখ্যা আগের তুলনায় পাঁচ ভাগের এক ভাগে নেমেছে, কোথাও বন্ধ রয়েছে বুকিং। এতে কর্মহীন হয়ে পড়ছেন পর্যটনসংশ্লিষ্ট অনেক মানুষ।

পাহাড়, ঝরনা, গুহা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত খাগড়াছড়ি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন জেলা। তবে পর্যটকদের বড় একটি অংশ সাজেক ভ্যালিকে কেন্দ্র করে খাগড়াছড়ি ভ্রমণের পরিকল্পনা করেন। ফলে সাজেকের সড়কে অবরোধ ও যাতায়াতের অনিশ্চয়তার প্রভাব পড়েছে জেলার অন্যান্য পর্যটনকেন্দ্র ও ব্যবসাপ্রতিষ্ঠানেও।

আলুটিলা পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা কোকনাথ ত্রিপুরা জানান, আগে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি পর্যটক আসতেন। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ২০০-তে দাঁড়িয়েছে। তাঁদের অধিকাংশই স্থানীয় পর্যটক।

খাগড়াছড়ি শহরের অরণ্য বিলাস হোটেলের ব্যবস্থাপক মো. সাগর বলেন, সাজেক সড়কে অবরোধ শুরুর পর থেকে হোটেলের বুকিং কমতে কমতে এখন শূন্যে নেমেছে।

একই অবস্থা জেলার অন্যান্য আবাসিক হোটেলেও। খাগড়াছড়ির অন্যতম হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, সাজেক বন্ধ থাকায় তাঁদের হোটেলের অর্ধেকের বেশি কক্ষ খালি পড়ে আছে। অতিথি প্রায় নেই বললেই চলে।

পরিবহন খাতেও নেমে এসেছে স্থবিরতা। পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুশ চাকমা জানান, খাগড়াছড়িতে পিকআপ, জিপ, সাফারি গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র মিলিয়ে অন্তত ৪০০ থেকে ৫০০টি যানবাহন সাজেক রুটে চলাচল করে। অবরোধের কারণে এসব যানবাহন বসে আছে। পর্যটক না থাকায় চালক ও সংশ্লিষ্ট কর্মীরাও কর্মহীন হয়ে পড়েছেন।

রেস্তোরাঁ ব্যবসায়ও পড়েছে বড় ধরনের প্রভাব। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকার মনটানা রেস্তোরাঁর মালিক মো. জিয়া বলেন, সাজেক বন্ধ হওয়ার পর প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা লোকসান হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে।

পর্যটক কমে যাওয়ায় বিনোদনকেন্দ্রগুলোর কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের কর্মচারী মনতোষ ত্রিপুরা জানান, পর্যটকের অভাবে পার্কের জিপ লাইন ও জায়ান্ট সুইং বন্ধ রয়েছে। গত ১০ দিন ধরে কোনো পর্যটক আসছেন না।

একই পার্কের উপসহকারী কর্মকর্তা কান্তি বিকাশ ত্রিপুরা বলেন, পার্কের বিভিন্ন দায়িত্বে ২১ জন কর্মী কাজ করেন। পর্যটক না থাকায় তাঁদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

পর্যটননির্ভর স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। শহরের জুমলাইন মার্কেটের মালিক রিটন চাকমা বলেন, সাজেকে ঘুরতে আসা পর্যটকদের ওপর তাঁদের পোশাকের ব্যবসা অনেকটাই নির্ভরশীল। সাজেক বন্ধ থাকায় এক সপ্তাহ ধরে দোকানে কোনো বেচাকেনা নেই।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক ক্যাচিং মারমা বলেন, জেলার অধিকাংশ ব্যবসা-বাণিজ্য পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। খাগড়াছড়িকেন্দ্রিক পর্যটনের বিকাশে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। পর্যটকের ঘাটতি দীর্ঘস্থায়ী হলে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ আরও বাড়বে।