পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণের মৌসুম শুরু হলেও এখনো চালু হয়নি কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল। রুট পারমিট ও সময়সূচির অনুমোদন না পাওয়ায় সাতটি জাহাজ আটকে আছে। প্রয়োজনীয় নৌ-নিরাপত্তা সনদ ও কাগজপত্র জমা না পড়ায় অনুমোদন প্রক্রিয়া শেষ করতে পারছে না বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে দ্বীপ ভ্রমণের পরিকল্পনা করেও যাত্রা করতে পারছেন না পর্যটকেরা।

গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। তবে কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য সাতটি পর্যটকবাহী জাহাজের মালিকপক্ষ রুট পারমিট ও সময়সূচি অনুমোদনের আবেদন করলেও কোনোটিই এখনো অনুমতি পায়নি।

জাহাজগুলোর মধ্যে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া ও এমভি টেকনাফের অনুকূলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মতিপত্র রয়েছে। তবে হালনাগাদ সার্ভে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় নৌ-সংক্রান্ত নথি না থাকায় এগুলোর রুট পারমিট অনুমোদন করা যাচ্ছে না।

অন্যদিকে এমভি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এমভি কেয়ারি সিন্দাবাদ, এলসিটি কাজল ও এমভি বে-কুইজার-১-এর মালিকপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি। ফলে এসব জাহাজের জন্য পরিবেশ মন্ত্রণালয়ের নীতিগত সম্মতি চাওয়ার প্রক্রিয়াও শুরু করা সম্ভব হয়নি।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক সালমা আক্তার স্বাক্ষরিত চিঠিতে জাহাজমালিকদের হালনাগাদ সার্ভে সার্টিফিকেট, রুট পারমিট ফি জমার প্রমাণ, কোস্টগার্ডের ছাড়পত্র, ভয়েজ লাইসেন্সসহ প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। এসব কাগজপত্র পাওয়ার পর অনুমোদনের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিন পর্যন্ত নৌপথের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দীর্ঘ এই সামুদ্রিক পথে যাত্রী পরিবহনে জাহাজের সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দীর্ঘদিন সমুদ্রে চলাচল না করা জাহাজের ক্ষেত্রেও হালনাগাদ সার্ভে সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সনদ থাকা বাধ্যতামূলক। এসব নথি ছাড়া রুট পারমিট দেওয়ার সুযোগ নেই। দ্রুত কাগজপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর অনুমোদনের ব্যবস্থা করা হবে।

তবে জাহাজমালিক ও ট্যুর অপারেটরদের দাবি, ২৭ অক্টোবর চূড়ান্ত নির্দেশনা জারির পর ১ নভেম্বর থেকে পর্যটক চলাচলের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও জমা দিতে সময়ের সংকট তৈরি হয়েছে। প্রতিষ্ঠানগুলো নথিপত্র প্রস্তুতের কাজ করছে। আগামী শুক্রবারের মধ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

পর্যটকেরা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। পুরো পর্যটন মৌসুমে দ্বীপে রাত্রিযাপনেরও অনুমতি রয়েছে।