লন্ডনের গুরুত্বপূর্ণ রেলস্টেশন সিটি থেমসলিংক সাত মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনটির ১০টি এসকেলেটর বা চলন্ত সিঁড়ি সম্পূর্ণ পরিবর্তনের জন্য ২০২৭ সালের ১৭ মে থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত এটি বন্ধ থাকবে।

রেল পরিচালনাকারী সংস্থা নেটওয়ার্ক রেল জানিয়েছে, স্টেশনটির বর্তমান এসকেলেটরগুলো ৩৫ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে। এগুলোর কার্যক্ষমতা শেষ পর্যায়ে। এ ছাড়া ২০২৫ সালের বসন্তে ভয়াবহ বন্যায় কয়েকটি এসকেলেটর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে যাত্রীদের প্রত্যাশিত দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য সেবা দেওয়া আর সম্ভব হচ্ছে না।

তবে স্টেশন বন্ধ থাকলেও রেললাইনে কোনো কাজ হবে না। তাই থেমসলিংক ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। শুধু সিটি থেমসলিংক স্টেশনে কোনো ট্রেন থামবে না। যাত্রীদের বিকল্প হিসেবে লন্ডন ব্ল্যাকফ্রায়ার্স স্টেশন ব্যবহারের পরামর্শ দিয়েছে নেটওয়ার্ক রেল। সিটি থেমসলিংকের লুডগেট হিল প্রবেশপথ থেকে হেঁটে সেখানে যেতে প্রায় ছয় মিনিট লাগে।

নতুন এসকেলেটরগুলো বিশেষজ্ঞ প্রকৌশলীরা সাত মাস ধরে ধাপে ধাপে স্থাপন করবেন। যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম একবারে নয়, বরং অংশে অংশে নিয়ে এসে সংযোজন করা হবে। স্থাপনের পর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সেগুলোর ব্যাপক পরীক্ষা চালানো হবে।

নেটওয়ার্ক রেল জানিয়েছে, পুরো স্টেশন বন্ধ রাখায় যাত্রীদের সাময়িক অসুবিধা হবে। তবে নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ও কার্যকরভাবে কাজ শেষ করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। স্টেশন আংশিক খোলা রেখে কাজ করলে প্রকল্পের সময় আরও দীর্ঘ হতে পারে।

এদিকে লন্ডনের গণপরিবহন অবকাঠামো উন্নয়নেও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষিণ-পূর্ব লন্ডন পর্যন্ত বেকারলু লাইন সম্প্রসারণ এবং স্ট্র্যাটফোর্ড স্টেশনের উন্নয়নের জন্য মেয়র সাদিক খানকে নতুন ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চ্যান্সেলর জন হিলির বাজেট পরিকল্পনার আওতায় ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলের মেয়র ও স্থানীয় নেতাদের বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের সুযোগ বাড়ানো হবে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ২৮ কোটি ৫০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। ব্যবসায়িক কর ও আয়করের কিছু রাজস্ব স্থানীয় পর্যায়ে ব্যবহারের সুযোগও রাখা হচ্ছে।