মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ভোরের শিশির, হালকা কুয়াশা আর চা-বাগানের সবুজ প্রকৃতি জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। শীত পুরোপুরি জেঁকে না বসলেও প্রকৃতির এই রূপ ঘিরে পর্যটনকেন্দ্রগুলোতে বাড়ছে ভ্রমণপ্রেমীদের আগ্রহ। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও অপেক্ষায় রয়েছেন শীত মৌসুমে পর্যটকের সংখ্যা বাড়ার।
ভোর ও শেষরাতে ঠান্ডার অনুভূতি বাড়লেও দিনের বেলায় থাকছে রোদের উষ্ণতা। সন্ধ্যার পর নেমে আসছে হালকা শীত। এমন আবহে চায়ের দেশ হিসেবে পরিচিত শ্রীমঙ্গল এবং পাশের কমলগঞ্জ হয়ে উঠছে ভ্রমণের আকর্ষণীয় গন্তব্য।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের অন্যতম আকর্ষণ বিস্তীর্ণ চা-বাগান, পাহাড়ি পথ, লেক ও সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। বিশেষ করে মাধবপুর লেকের শান্ত জলরাশি এবং চারপাশের পাহাড়ি দৃশ্য প্রকৃতিপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করে।
হেমন্তের সকালে শিশিরভেজা চা-বাগানের পথ ধরে হাঁটা কিংবা বিকেলে মাধবপুর লেকের পাড়ে সময় কাটানো, দুই অভিজ্ঞতাই ভ্রমণকে করে তুলতে পারে উপভোগ্য। শীতের সময় কুয়াশা ও নরম রোদের উপস্থিতি এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের আশা, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পর্যটকের আনাগোনা আরও বাড়বে। ইতিমধ্যে হোটেল ও রিসোর্টে অবস্থান এবং ভ্রমণ পরিকল্পনা নিয়ে খোঁজখবর নিচ্ছেন অনেকে। পর্যটকের সংখ্যা বাড়লে আবাসন, পরিবহণ, রেস্তোরাঁ এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে সম্ভাবনা থাকলেও পর্যটন খাতের বিকাশে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, ব্যক্তিগত উদ্যোগে হোটেল ও রিসোর্ট গড়ে উঠলেও সরকারি পর্যায়ে পর্যটনসুবিধা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে যাতায়াতব্যবস্থার উন্নয়ন এবং বিদেশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।