সেন্ট মার্টিন ভ্রমণের অপেক্ষায় থাকা পর্যটকদের জন্য জাহাজের টিকিট বিক্রি শুরু হলেও প্রথম যাত্রার তারিখ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। কক্সবাজার থেকে দ্বীপটিতে চলাচলের জন্য তিনটি জাহাজের সাময়িক লাইসেন্স, রুট পারমিট ও সময়সূচি অনুমোদন করা হয়েছে। তবে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হচ্ছে না বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। অন্যদিকে, একটি জাহাজ কর্তৃপক্ষ ৬ নভেম্বর প্রথম যাত্রার ঘোষণা দিয়েছে।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বুধবার রাতে জানান, অনলাইনে এরই মধ্যে ৭০০টির বেশি টিকিট বিক্রি হয়েছে। তবে জাহাজ চলাচলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং প্রয়োজনীয় ছাড়পত্রও পাওয়া যায়নি।
অন্যদিকে, কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, বৃহস্পতিবার সেন্ট মার্টিনের উদ্দেশে কোনো জাহাজ ছেড়ে যাবে না। জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা করে টিকিট বিক্রির বিষয়টি সমন্বয় করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে এমভি টেকনাফের ব্যবস্থাপক আকতার নূর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাঁদের জাহাজের টিকিট বিক্রি শুরু হবে এবং প্রথম যাত্রা হবে ৬ নভেম্বর।
তিন জাহাজের চলাচলে অনুমোদন
নৌপরিবহন অধিদপ্তর ৩ নভেম্বর সেন্ট মার্টিন রুটে চলাচলের জন্য এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফকে সাময়িক ভয়েজ লাইসেন্স দেয়। পরদিন ৪ নভেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জাহাজগুলোর রুট পারমিট ও সময়সূচি অনুমোদন করে।
অনুমোদিত সূচি অনুযায়ী, এমভি কর্ণফুলী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটে, এমভি বার আউলিয়া সকাল ৭টা ৩০ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার কথা। ফিরতি যাত্রার সময় যথাক্রমে দুপুর ২টা ১৫ মিনিট, ২টা ৩০ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিট।
তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। সরকার প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক সেন্ট মার্টিনে প্রবেশের সীমা নির্ধারণ করেছে।
ভ্রমণে ডিজিটাল ট্রাভেল পাস বাধ্যতামূলক
সরকারি নির্দেশনা অনুযায়ী, সেন্ট মার্টিন ভ্রমণের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিউআর কোডযুক্ত ডিজিটাল ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এই পাস ছাড়া টিকিট ইস্যু করা যাবে না। কিউআর কোডবিহীন টিকিটও গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া কোনো জাহাজ কোম্পানি একসঙ্গে ১৫ দিনের বেশি সময়ের অগ্রিম টিকিট বিক্রি করতে পারবে না।
দ্বীপের পরিবেশ রক্ষায় একাধিক বিধিনিষেধ
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, স্ট্র এবং শ্যাম্পু-সাবানের ছোট প্যাকেট নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখতে বলা হয়েছে।
রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ করা, বারবিকিউ পার্টি, মোটরসাইকেল ও সি-বাইক চালানো এবং কেয়াবনে প্রবেশ নিষিদ্ধ। প্রবাল, শামুক, ঝিনুক, কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীর ক্ষতি করা এবং জাহাজ থেকে সাগরের পাখিদের খাবার দেওয়াও যাবে না।
জাহাজে বর্জ্য সংরক্ষণ ও পরিশোধনের ব্যবস্থা থাকতে হবে। মেরিন প্রটেক্টেড এরিয়ার কোর এলাকায় জাহাজ প্রবেশ করতে পারবে না।
আবহাওয়া প্রতিকূল হলে অথবা সমুদ্রবন্দরে ৩ নম্বর কিংবা তার বেশি স্থানীয় সতর্কসংকেত জারি থাকলে জাহাজ চলাচল বন্ধ রাখতে হবে। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনে নতুন বিধিনিষেধও আরোপ করতে পারবে।