২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে কানাডার মন্ট্রিয়ল। তালিকার প্রথম ১৫টি শহরের মধ্যে ইউরোপের রয়েছে ৯টি। সুইজারল্যান্ডের জুরিখ ও নেদারল্যান্ডসের আমস্টারডাম যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।
ভ্রমণবিষয়ক বীমা প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন এই তালিকা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পর্যটকদের কাছে জনপ্রিয় ৩৮টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ শহর নিয়ে গবেষণাটি করা হয়। এসব শহর ভ্রমণ করেছেন—এমন দেড় হাজারের বেশি মানুষের মতামত নেওয়া হয়েছে। তাঁদের অভিজ্ঞতার পাশাপাশি নমবিও, দ্য ইকোনমিস্ট ও জিওসিউর গ্লোবালের নিরাপত্তাসংক্রান্ত তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরিপটি ২০২৬ সালের আগস্টে পরিচালিত হওয়ায় তালিকায় ওই সময়ের নিরাপত্তা পরিস্থিতি প্রতিফলিত হয়েছে। ফলে পরবর্তী সময়ে কোনো শহরের পরিস্থিতির পরিবর্তন এতে বিবেচিত হয়নি।
৮২.১৮ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে কানাডার মন্ট্রিয়ল। গত বছরের ১৬তম অবস্থান থেকে এবার শীর্ষে উঠে এসেছে শহরটি। কম অপরাধের হার এর ভালো অবস্থানের অন্যতম কারণ। তবে শহরটিতে যাতায়াতের ক্ষেত্রে যানজট ও সড়ক নির্মাণকাজ পর্যটকদের জন্য ভোগান্তি তৈরি করতে পারে।
দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের জুরিখ পেয়েছে ৮১.০৩ পয়েন্ট। পরিচ্ছন্ন ও নিরাপদ গণপরিবহন এবং তুলনামূলক কম পর্যটকসমাগম শহরটির নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে সুইজারল্যান্ড ইউরোজোনের সদস্য নয়। তাই ভ্রমণের সময় সুইস ফ্রাঁ মুদ্রার বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয় স্থানে থাকা আমস্টারডামের স্কোর ৮০.৮১। খালপাড়ে হাঁটা, সাইকেলের চলাচল এবং শিল্পকর্ম দেখার জন্য পরিচিত শহরটিকে তালিকায় বেশ নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়েছে।
পঞ্চম স্থানে রয়েছে আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক। শহরটি ছোট হওয়ায় বিভিন্ন এলাকার মধ্যে চলাচলও তুলনামূলক সহজ। গত বছরের তালিকায় অবশ্য এটি ছিল প্রথম স্থানে।
তালিকায় থাকা ইউরোপের অন্য শহরগুলো হলো—নরওয়ের অসলো (৬), ইতালির ভেনিস (৮), আয়ারল্যান্ডের ডাবলিন (১১), ডেনমার্কের কোপেনহেগেন (১২), স্পেনের বার্সেলোনা (১৩) এবং ফ্রান্সের প্যারিস (১৫)।

নিরাপদ ১৫ শহর
•    মন্ট্রিয়ল, কানাডা
•    জুরিখ, সুইজারল্যান্ড
•    আমস্টারডাম, নেদারল্যান্ডস
•    টোকিও, জাপান
•    রেইকিয়াভিক, আইসল্যান্ড
•    অসলো, নরওয়ে
•    সিঙ্গাপুর
•    ভেনিস, ইতালি
•    সিডনি, অস্ট্রেলিয়া
•    হনলুলু, হাওয়াই
•    ডাবলিন, আয়ারল্যান্ড
•    কোপেনহেগেন, ডেনমার্ক
•    বার্সেলোনা, স্পেন
•    সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
•    প্যারিস, ফ্রান্স।