যুক্তরাষ্ট্রে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। ৩ নভেম্বর থেকে কার্যকর হওয়া এ নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে যুক্তরাষ্ট্রগামী সব বিমানের যাত্রীকে ঘোষণা দিতে হবে যে, ফ্লাইটে ওঠার আগের ২১ দিনের মধ্যে তাঁরা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) অবস্থান করেননি।
দেশটিতে চলমান ইবোলা প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবটি ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম।
যাত্রীদের এই ঘোষণা ডিজিটাল পদ্ধতিতে অথবা কাগজে স্বাক্ষর করে জমা দিতে হবে। সিডিসির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড ও প্রিন্ট করে বিমানবন্দরে চেক-ইনের সময় সংশ্লিষ্ট এয়ারলাইনকে দেওয়া যাবে। কিছু এয়ারলাইন অনলাইন চেক-ইন বা নিজস্ব অ্যাপের মাধ্যমেও ফরম পূরণের সুযোগ দিতে পারে। তবে এ ব্যবস্থা সব এয়ারলাইনের ক্ষেত্রে এক নয়। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে নিয়মটি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন নিয়মটি শুধু যুক্তরাজ্যের যাত্রীদের জন্য নয়; যেকোনো বিদেশি দেশ থেকে বিমানে যুক্তরাষ্ট্রে যাওয়া সবার জন্য প্রযোজ্য। বাণিজ্যিক ফ্লাইটের পাশাপাশি ব্যক্তিগত বিমান, সাধারণ বিমান চলাচল এবং কার্গো ফ্লাইটের ক্ষেত্রেও এটি কার্যকর। ডাবলিনের মতো যুক্তরাষ্ট্রের আগাম অভিবাসন যাচাইয়ের (প্রি-ক্লিয়ারেন্স) বিমানবন্দর ব্যবহারকারীদেরও ফ্লাইটে ওঠার আগে ঘোষণা জমা দিতে হবে।
এ নিয়মে শুধু ডিআর কঙ্গোতে ভ্রমণকারীরাই অন্তর্ভুক্ত নন। দেশটির কোনো বিমানবন্দরে ট্রানজিট করলেও তাঁকে সেখানে অবস্থান করেছেন বলে গণ্য করা হবে। এমনকি বিমান থেকে না নামলেও বা বিমানবন্দরের ভেতরেই অবস্থান করলেও নিয়মের আওতায় পড়বেন।
সিডিসির নির্দেশনা অনুযায়ী, ডিআর কঙ্গো থেকে বের হওয়ার দিনকে শূন্যতম দিন হিসেবে গণনা করা হবে। এরপর দেশটির বাইরে কাটানো প্রথম পূর্ণ দিন হবে প্রথম দিন। ২১ দিন পূর্ণ হলে, অর্থাৎ ২২তম দিন থেকে যাত্রীরা যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে পারবেন। তবে অন্যান্য প্রবেশসংক্রান্ত শর্তও পূরণ করতে হবে।
সিডিসি সতর্ক করেছে, ইচ্ছাকৃতভাবে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অপরাধমূলক জরিমানা ও কারাদণ্ড হতে পারে।