শতাধিক যাত্রীকে নামিয়ে কম্বোডিয়া ছাড়ল আবাসিক প্রমোদতরি, ভবিষ্যৎ অনিশ্চিত দীর্ঘদিন কম্বোডিয়ার বন্দরে আটকে থাকার পর অবশেষে যাত্রী ছাড়াই দেশটি ছেড়েছে আবাসিক প্রমোদতরি ‘ভিলা ভি ওডিসি’। বুধবার ভোরে প্রায় ৫০ জন ক্রু নিয়ে জাহাজটি কম্বোডিয়ার সিহানুকভিল বন্দর থেকে যাত্রা শুরু করে। এর আগে জাহাজে থাকা ২০০ জনের বেশি যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।

জাহাজটির মালিক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্সেস গত সপ্তাহে কার্যক্রম স্থগিত করে যাত্রীদের জাহাজ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটির দাবি, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজ পরিচালনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

সিহানুকভিলের পর্যটন বিভাগের প্রধান তাইং সোচিটকৃষ্ণ জানান, জাহাজটি ছেড়ে যাওয়ার সময় প্রায় ১০০ যাত্রী তখনো কম্বোডিয়ায় অবস্থান করছিলেন। অন্যরা ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে বিমানে চলে গেছেন।

মঙ্গলবার যাত্রীরা নিজেদের শেষ মালামাল জাহাজ থেকে নামিয়ে নেন। তাঁদের অনেকেই আর জাহাজে ফিরে যাওয়ার আশা করছেন না। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার বাসিন্দা শিরিন থমাস জানান, জাহাজে তাঁর অনেক প্রয়োজনীয় জিনিস রয়ে গেছে, যেগুলো সঙ্গে নিতে পারলে ভালো হতো।

ভিলা ভি ওডিসি ছিল এমন অল্প কয়েকটি প্রমোদতরির একটি, যেখানে যাত্রীরা দীর্ঘমেয়াদে এমনকি স্থায়ীভাবে বসবাসের জন্য কেবিন ভাড়া বা কিনতে পারতেন। জাহাজটি টানা অন্তত ৭৫৫ দিন ধরে বিশ্বভ্রমণ করছিল।

কানাডার অন্টারিওর ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক মেরি অ্যান ডেমসার জানান, যাত্রা আবার শুরু হবে কি না, সে বিষয়ে মালিকপক্ষ তাঁদের কোনো স্পষ্ট তথ্য দেয়নি। তাঁর অভিযোগ, প্রতিষ্ঠানটির কাছ থেকে যোগাযোগ খুবই সীমিত ছিল। কম্বোডিয়ার সরকারি কর্মকর্তা ও প্রতিনিধিদের কাছ থেকেই তাঁরা প্রয়োজনীয় তথ্য পেয়েছেন।

যাত্রীদের মধ্যে ছিলেন ল্যানেট ক্যানেন ও জোহান বোডিন। ২০২৪ সালের অক্টোবরে তাঁরা নতুন জীবন শুরুর আশায় জাহাজটিতে ওঠেন। দুজনই ৫৬ বছর বয়সী। জাহাজে একটি কেবিন কেনার জন্য তাঁরা নিজেদের ব্যবসা বিক্রি করে ১ লাখ ডলার ব্যয় করেন। এর বাইরে প্রতি মাসে রক্ষণাবেক্ষণ বাবদ দিতে হতো ৩ হাজার ৫০০ ডলার।

জাহাজটির পরবর্তী গন্তব্য এখনো নিশ্চিত নয়। কয়েকজন যাত্রী এবং সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি সিঙ্গাপুরের দিকে যেতে পারে। তবে মালিক প্রতিষ্ঠানটি এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি।