পাহাড়, সমুদ্র, বন, হাওর কিংবা ঐতিহাসিক স্থাপনা—পর্যটনের জন্য বৈচিত্র্যময় গন্তব্য রয়েছে বাংলাদেশে। এসব জায়গায় নারী পর্যটকের উপস্থিতিও বাড়ছে। একা, বন্ধুদের সঙ্গে কিংবা পরিবার নিয়ে ভ্রমণে বের হচ্ছেন অনেকে। কিন্তু ভ্রমণের আনন্দের পাশাপাশি নিরাপত্তা, যাতায়াত, শৌচাগার ও আবাসনসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের পর্যটনব্যবস্থা নারীদের জন্য কতটা স্বস্তিদায়ক ও নিরাপদ?
নিরাপত্তাহীনতা ও হয়রানির ভয়
নারী পর্যটকদের অন্যতম বড় উদ্বেগ নিরাপত্তা। নির্জন পর্যটনকেন্দ্র, ফাঁকা সড়ক, অপরিচিত পরিবেশ কিংবা সন্ধ্যার পর যাতায়াত—এসব ক্ষেত্রে অনেক নারীকে বাড়তি সতর্ক থাকতে হয়। অনাকাঙ্ক্ষিত মন্তব্য, অনুসরণ করা কিংবা শারীরিক হয়রানির আশঙ্কাও তাঁদের ভ্রমণের স্বাধীনতাকে সীমিত করে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশবিষয়ক ভ্রমণ পরামর্শে বলা হয়েছে, নারী ভ্রমণকারীরা মৌখিক ও শারীরিক হয়রানির শিকার হতে পারেন। একা অবস্থায় নির্জন এলাকায় না যাওয়ার এবং বিশেষ করে রাতে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
‘সলো ট্রাভেলার’ ফারজানা ইয়াসমিন বলেন, “পাহাড় কিংবা নিভৃত কোনো ঝিরিপথে ভ্রমণের ইচ্ছা থাকলেও নিরাপত্তার অভাবে অনেক সময় পিছু হটতে হয়।”
বাংলার কলম্বাসকে তিনি বলেন, “গণপরিবহন হোক, আর গণপরিসরই হোক, অপ্রীতিকর দৃষ্টি কিংবা মন্তব্যের মুখোমুখি হওয়াটা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে, যা ভ্রমণকে মানসিক চাপমুক্ত রাখতে দেয় না।"
পর্যাপ্ত ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাব
নারীদের ভ্রমণের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা গণশৌচাগার। অনেক পর্যটনকেন্দ্র, বাস টার্মিনাল, বাজার কিংবা যাত্রাবিরতির স্থানে নারীদের জন্য আলাদা, পরিচ্ছন্ন ও নিরাপদ শৌচাগার পাওয়া কঠিন। কোথাও শৌচাগার থাকলেও দরজার ছিটকিনি, পানির ব্যবস্থা, পরিচ্ছন্নতা কিংবা পর্যাপ্ত গোপনীয়তার অভাব থাকে।
২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত দ্য ডেইলি স্টার-এর এক প্রতিবেদনে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের গণশৌচাগার পরিস্থিতি তুলে ধরা হয়। এতে নারীদের জন্য পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য শৌচাগারের সংকটের কথা উঠে আসে। ওয়াটারএইডের একটি জরিপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৮৬৫ নারীর প্রায় ৮৫ শতাংশ ভ্রমণের আগে বা বাইরে থাকাকালে পানি পান কমিয়ে দেন, কারণ তাঁরা পরিচ্ছন্ন ও নিরাপদ শৌচাগার পাবেন কি না, তা নিয়ে অনিশ্চিত থাকেন।
সময় পেলেই বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে ভ্রমণে বেরিয়ে পড়েন সংবাদকর্মী রুমি খাতুন।
তার অভিজ্ঞতা বলছে, "দূরের গন্তব্য হলেই সবচেয়ে বড় আতঙ্কের নাম শৌচাগার। হাইওয়ে বিরতি কিংবা পর্যটন স্পটগুলোতে পর্যাপ্ত পরিচ্ছন্ন ওয়াশরুম না থাকায় বহু সময় নারীদের পানিশূন্যতায় ভুগতে হয়, যা দীর্ঘমেয়াদে শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।”
গণপরিবহনে অস্বস্তি ও হয়রানি
দূরপাল্লার বাস, লোকাল বাস, লঞ্চ কিংবা পর্যটনকেন্দ্রের স্থানীয় পরিবহনে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত সব সময় নিশ্চিত হয় না। অতিরিক্ত ভিড়, সংরক্ষিত আসনের সীমাবদ্ধতা, চালক বা সহকারীর অসহযোগিতা এবং হয়রানির আশঙ্কা ভ্রমণকে কঠিন করে তোলে। ২০২২ সালে ৫ হাজারের বেশি নারীর ওপর পরিচালিত এক জরিপে ৮৭ শতাংশ কোনো না কোনো ধরনের হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।
একা ভ্রমণে আবাসন ও সামাজিক দৃষ্টিভঙ্গি
একক নারী পর্যটকদের জন্য হোটেল বা রিসোর্টে কক্ষ বুকিং, পরিচয় যাচাই এবং নিরাপত্তা নিয়ে বাড়তি প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিযোগও রয়েছে। কোথাও একা নারীকে অতিথি হিসেবে গ্রহণে অনীহা, আবার কোথাও স্থানীয় মানুষের কৌতূহলী দৃষ্টি ও অপ্রয়োজনীয় প্রশ্ন তাঁদের অস্বস্তিতে ফেলে।
সমাধানে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ
নারীবান্ধব পর্যটন গড়ে তুলতে পর্যটনকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী, অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা, পরিচ্ছন্ন ও আলাদা শৌচাগার, নিরাপদ গণপরিবহন এবং নারী পর্যটকদের উপযোগী আবাসন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট কর্মীদের আচরণবিধি ও সচেতনতা বাড়ানো প্রয়োজন।
পর্যটন শুধু দর্শনীয় স্থান তৈরি বা প্রচারণার বিষয় নয়; সেখানে সব পর্যটকের নিরাপদে যাতায়াত, থাকা ও প্রয়োজনীয় সুবিধা পাওয়ার নিশ্চয়তাও থাকতে হয়। নারীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে না পারলে দেশের পর্যটনশিল্পের সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না।