কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনে দ্বিতীয় দিনে যুক্ত হয়েছে আরও দুটি জাহাজ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে তিনটি জাহাজে করে মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করেছেন। মৌসুমের শুরুতে প্রশাসনিক ও অনুমোদনসংক্রান্ত জটিলতা কাটিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করায় পর্যটকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।
শুক্রবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৮৩৬ জন পর্যটক নিয়ে মৌসুমের প্রথম যাত্রা করে এমভি বারো আউলিয়া। জাহাজটি রাতেই কক্সবাজার ফিরে আসে।
দ্বিতীয় দিনে এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক রয়েছেন। সব মিলিয়ে তিন জাহাজে যাত্রা করছেন ১ হাজার ৫৫৪ জন। দুপুরের মধ্যে তাঁদের দ্বীপে পৌঁছানোর কথা।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনুমোদিত তিনটি জাহাজ নিয়মিত চলাচল করবে। এসব জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা ২ হাজার ৩০০ জন। তবে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি থাকায় প্রয়োজনে জাহাজের সংখ্যা বাড়তে পারে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের সুযোগ চালুর কথা ছিল। তবে প্রশাসনিক অনুমোদন, নৌযান চলাচলের ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত পূরণে জটিলতার কারণে নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু হয়নি।
এবার সেন্টমার্টিন ভ্রমণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি সংগ্রহ করতে হচ্ছে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট। এসব ব্যবস্থার উদ্দেশ্য হলো পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং দ্বীপের পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা।
দ্বীপটির ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ কিছু বিধিনিষেধও বহাল রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ আয়োজন নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও করা যাবে না।
এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ।
নুনিয়ারছড়া ঘাটে পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পুলিশ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। পর্যটকেরা সরকারি নির্দেশনা মেনে চলার আগ্রহ প্রকাশ করেছেন।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক আল মাহমুদ বলেন, সেন্টমার্টিন দেশের সম্পদ। দ্বীপের পরিবেশ রক্ষায় সেখানে ভ্রমণ করতে যাওয়া প্রত্যেক পর্যটকের ভূমিকা রাখা উচিত।
তবে টিকিটের মূল্য নিয়ে অসন্তোষ জানিয়েছেন কয়েকজন পর্যটক। ঢাকার উত্তরার বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, টিকিটের দাম একটু বেশি মনে হয়েছে। ভ্রমণপিপাসুদের সামর্থ্য বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হলে ভালো হতো। আশা করি, কর্তৃপক্ষ ভাড়া পর্যালোচনা করবে।