টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ, সমুদ্রের ঢেউয়ে আনন্দ আর দর্শনীয় স্থান ঘুরে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ছুটে এসেছেন হাজারো পর্যটক। পর্যটকদের আগমনে সৈকতের পাশাপাশি আশপাশের পর্যটনকেন্দ্র ও হোটেলগুলোতেও বেড়েছে ব্যস্ততা।

সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে রবিবার শ্যামাপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৈরি হয়েছে টানা তিন দিনের অবকাশ। এই সুযোগ কাজে লাগিয়ে বৃহস্পতিবার বিকেল থেকেই কুয়াকাটায় আসতে শুরু করেন পর্যটকেরা।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সৈকতের জিরো পয়েন্টে দেখা যায় পর্যটকদের ব্যাপক উপস্থিতি। কেউ সমুদ্রের ছোট-বড় ঢেউয়ে আনন্দ করছেন, কেউ বালুচরে তৈরি করছেন নানা আকৃতির নকশা। আবার অনেকে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সাগরের সৌন্দর্য।

শুধু জিরো পয়েন্ট নয়, প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সৈকতের লেম্বুরবন ও চর গঙ্গামতীসহ বিভিন্ন পর্যটন স্পটেও ছিল পর্যটকদের আনাগোনা। এদিকে পর্যটকদের চাপ বাড়ায় অধিকাংশ হোটেলের কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক রফিক ও রাসেল হোসেন বলেন, সৈকতে আবহাওয়া বেশ আরামদায়ক। অতিরিক্ত গরম বা শীত কোনোটিই নেই। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের মধ্যে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার অভিজ্ঞতা তাদের কাছে দারুণ লেগেছে।

নড়াইল থেকে আসা ফরিদ-সোনিয়া দম্পতি জানান, রবিবার সন্তানের বিদ্যালয় বন্ধ থাকায় ছুটির সুযোগে সন্তানদের নিয়ে কুয়াকাটায় এসেছেন। দুই দিন অবস্থান করে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হাসান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল দলও দায়িত্ব পালন করছে। পর্যটকেরা যাতে নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।