কয়েক সপ্তাহের পর্যটক মন্দা কাটিয়ে আবারও সরব হয়ে উঠছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলো। বিশেষ করে জেলা পরিষদ হর্টিকালচার পার্কে বেড়েছে দর্শনার্থীদের আনাগোনা। সবুজ পাহাড়, লেক, ঝুলন্ত সেতু ও জিপলাইনসহ নানা বিনোদন আয়োজন পর্যটকদের আকর্ষণ করছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এই উপস্থিতিতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক ঘুরে দেখা যায়, পার্কজুড়ে পর্যটকদের সরব উপস্থিতি। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ উপভোগ করছেন বিভিন্ন বিনোদনমূলক রাইড। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে পার্কে ফিরেছে প্রাণচাঞ্চল্য।

কুমিল্লা থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে খাগড়াছড়ি বেড়াতে এসেছেন হুমায়ুন আহমেদ। তিনি বলেন, সকালে রওনা হয়ে দুপুর ১টার দিকে খাগড়াছড়িতে পৌঁছান। রিছাং ঝর্ণা ও আলুটিলা পার্ক ঘুরে জেলা পরিষদ পার্কে এসেছেন। সাত-আট বছর পর খাগড়াছড়িতে এসে পার্কগুলোর অনেক পরিবর্তন দেখেছেন। নতুন নতুন রাইড যুক্ত হওয়ায় সময় কাটানোর জন্য জায়গাটি বেশ ভালো লেগেছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে আসা তানজিল চৌধুরী বলেন, পার্কের সবুজ পাহাড়, লেক ও ঝুলন্ত সেতু তাঁর ভালো লেগেছে। জীবনে প্রথমবার জিপলাইনে চড়ার অভিজ্ঞতাও উপভোগ করেছেন। আলুটিলা পর্যটনকেন্দ্রে কিছু সংস্কারকাজ চলছে জানিয়ে তিনি বলেন, কাজ শেষ হলে জায়গাটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

পার্কের দায়িত্বে থাকা মনতোষ ত্রিপুরা বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় শুক্রবার পর্যটকের সংখ্যা বেড়েছে। সাধারণত দুপুরের পর দর্শনার্থীদের আগমন বাড়ে। সাজেকে অবরোধ শুরুর পর পার্কে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। তবে শুক্রবার স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসেছেন।

জিপলাইন পরিচালনার দায়িত্বে থাকা অভি কুমার দে জানান, শুক্রবার অন্তত শতাধিক পর্যটক জিপলাইন রাইড উপভোগ করেছেন। অথচ গত কয়েক দিন প্রতিদিন তিন-চারজনের বেশি পর্যটক পাওয়া যাচ্ছিল না।

অরণ্য বিলাশ আবাসিক হোটেলের ব্যবস্থাপক মো. সাগর বলেন, সাজেক বন্ধ থাকার প্রভাব খাগড়াছড়ির পর্যটননির্ভর ব্যবসায় সরাসরি পড়েছে। হোটেল, রেস্তোরাঁসহ সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে মন্দাভাব দেখা দিয়েছে। সাজেকে পর্যটক না এলে খাগড়াছড়িতে রাত্রিযাপনও কমে যায়। অনেক পর্যটক দিনের বেলায় বিভিন্ন স্থান ঘুরে রাতের গাড়িতে নিজ গন্তব্যে ফিরে যান। তবে শুক্রবার পর্যটকদের উপস্থিতি দেখে তাঁরা আশাবাদী।

খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের উপপরিদর্শক মো. আব্দুস ছামাদ বলেন, গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি ও টহল চলছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি আনসার ও সাধারণ পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ভ্রমণে কোনো সমস্যায় পড়লে পর্যটকদের সহযোগিতায় পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছেন।