রাঙামাটির সাজেকে দীর্ঘদিন ধরে পর্যটক চলাচলে বিধিনিষেধ ও সড়ক অবরোধের কারণে স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। আঞ্চলিক রাজনৈতিক বিরোধ ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে পর্যটকদের জন্য সাজেক খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন গন্তব্য সাজেকে পর্যটক চলাচল বন্ধ থাকায় চরম সংকটে পড়েছেন কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমে পর্যটকশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। দীর্ঘদিনের অবরোধে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ও পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, সাজেক ও আশপাশের এলাকায় আঞ্চলিক সংগঠনগুলোর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘাত ও রাজনৈতিক সমীকরণ বদলেছে। একসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) শক্ত অবস্থান ছিল এমন কয়েকটি এলাকায় বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) উপস্থিতি বেড়েছে। তবে এসব এলাকার নিয়ন্ত্রণ পরিবর্তনের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, সাজেকে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। তাঁদের দাবি, পর্যটনকেন্দ্রিক বিভিন্ন ব্যবসা ও পরিবহন খাতকে ঘিরে বিপুল অঙ্কের চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। প্রতিটি কটেজ থেকে কক্ষপ্রতি পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয় বলেও অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী।
সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জানান, আঞ্চলিক দলগুলোর আধিপত্যের বিরোধের কারণে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভরা মৌসুমে পর্যটক আসতে না পারায় ব্যবসায়ীদের লোকসান বাড়ছে। দ্রুত সংকট সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
গত ১১ অক্টোবর ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্যকরী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে তিন দফা দাবিতে সাজেক সড়কে অবরোধ শুরু হয়। প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হলেও ১৫ অক্টোবর থেকে আবার কর্মসূচি শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিরতির পর ২২ অক্টোবর থেকে লাগাতার অবরোধ চলছে।
২২ অক্টোবর সাজেকে অবস্থানরত প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে ফিরিয়ে নেওয়ার সময় উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
গত ২৬ অক্টোবর খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এবং প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। পাঁচটি দাবির মধ্যে চারটিতে সমঝোতা হলেও একটি গুরুত্বপূর্ণ দাবিতে মতপার্থক্য থাকায় আলোচনা চূড়ান্ত হয়নি।
দীর্ঘদিন যান চলাচল বন্ধ থাকায় পর্যটন ব্যবসার পাশাপাশি স্থানীয় সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি অনিত্য কুমার ত্রিপুরা জানান, ২১ অক্টোবরের পর থেকে সাজেকে পণ্যবাহী গাড়ি আসতে পারেনি। স্থানীয় কৃষকেরাও উৎপাদিত পণ্য বাইরে নিতে পারছেন না। দ্রুত জরুরি সহায়তার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে বিশেষ একটি সূত্রের দাবি, আগামী কয়েক দিনের মধ্যে সাজেকে পর্যটক চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তবে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক খুলে দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।