আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণসুবিধা আরও সম্প্রসারণ করেছে সৌদি আরব। নতুন করে চার দেশের নাগরিকদের পর্যটন ভিসার আওতায় আনার ঘোষণা দিয়েছে দেশটি। এর ফলে মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়ার যোগ্য নাগরিকরা এখন সৌদি আরব ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সৌদি আরবের এ সিদ্ধান্তের তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে চারটি দেশের নাম ঘোষণা করেছে। দেশগুলোর যোগ্য নাগরিকরা সৌদির সরকারি পর্যটন পোর্টাল ‘ভিজিট সৌদি’র নির্ধারিত নিয়ম অনুযায়ী ই-ভিসা, শর্তসাপেক্ষে বিমানবন্দরে পৌঁছে ভিসা এবং ট্রানজিট ভিসার সুবিধা পাবেন।

নতুন এই সুবিধার আওতায় পর্যটকরা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ, সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ, প্রদর্শনী ও সম্মেলনে যোগদান এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। পাশাপাশি পর্যটন ভিসার আওতায় ওমরাহ পালনের সুযোগও রয়েছে।

তবে প্রতিটি ভিসার ক্ষেত্রে আলাদা যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলি প্রযোজ্য হবে। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে আবেদনকারীদের ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় নিয়মকানুন যাচাই করতে হবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করা এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের চলমান উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।