মুসলিম পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের ভ্রমণসুবিধা ও পর্যটন পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার পাহাং রাজ্য। হালাল খাদ্য, পরিবারবান্ধব ভ্রমণসুবিধা, ডিজিটাল প্রচার এবং আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের মাধ্যমে মুসলিমবান্ধব পর্যটনের অন্যতম বৈশ্বিক গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় রাজ্যটি। এ লক্ষ্য সামনে রেখে পাহাংয়ের কুয়ানতানে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম বিশ্ব ইসলামিক পর্যটন সম্মেলন ২০২৬।

৫ ও ৬ নভেম্বর দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের ৩৫টির বেশি দেশ থেকে দেড় শতাধিক আন্তর্জাতিক প্রতিনিধি, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট খাতের অংশীজন অংশ নেন। সম্মেলন ঘিরে নতুন বিনিয়োগ, ব্যবসায়িক সহযোগিতা এবং আন্তর্জাতিক পর্যটনবাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আয়োজকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুয়ানতানের জেনিথ হোটেলে সম্মেলনের উদ্বোধন করা হয়। মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ট্যুরিজম সেন্টার (আইটিসি) এর আয়োজন করে। সহযোগী আয়োজক হিসেবে ছিল পাহাং রাজ্য সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে পাহাং রাজ্যের কৃষি, কৃষিভিত্তিক শিল্প, জীবপ্রযুক্তি ও শিক্ষা বিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতো শ্রী ইর হাজি মোহাম্মদ সোফি তান শ্রী আবদুল রাজাক বলেন, আন্তর্জাতিক পর্যায়ে পাহাংয়ের পর্যটন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, পর্যটনের পাশাপাশি কৃষি, উৎপাদন ও সেবা খাতেও পাহাংয়ের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এসব খাতের উন্নয়নের সুফল স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, হোমস্টে পরিচালনাকারী এবং গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

পাহাংয়ের মুখ্যমন্ত্রী দাতো শ্রী দিরাজা হাজি ওয়ান রোজদি ওয়ান ইসমাইলের পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করে মোহাম্মদ সোফি কেন্দ্রীয় সরকার, ইসলামিক ট্যুরিজম সেন্টার, পর্যটন উদ্যোক্তা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেন।

‘সীমান্তের ঊর্ধ্বে বিশ্বাস ও পরিবার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে পর্যটনকে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যম হিসেবে তুলে ধরা হয়।

সম্মেলনে পর্যটনশিল্পের ভবিষ্যৎ নিয়ে ১৩টি আলোচনাপর্ব অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল নতুন পর্যটনবাজার, ওমরাহর ভবিষ্যৎ, ভূরাজনৈতিক পরিস্থিতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, হালাল খাদ্যসংস্কৃতি, ইসলামি ঐতিহ্য এবং মুসলিমবান্ধব পর্যটন স্বীকৃতি।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল চারটি কৌশলগত সমঝোতা স্মারক বিনিময়। এর মাধ্যমে পর্যটন অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রচার, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতার পথ তৈরি হয়েছে।

পাহাং পর্যটন বিভাগ ও কিংস পার্ক গেন্টিং হাইল্যান্ডসের একটি সমঝোতার লক্ষ্য গেন্টিং হাইল্যান্ডসকে আন্তর্জাতিক পর্যটনবাজারে আরও পরিচিত করে তোলা। অন্যদিকে, ইসলামিক ট্যুরিজম সেন্টার, কিংস পার্ক গেন্টিং হাইল্যান্ডস এবং রিতা সিনার্জি হোল্ডিংস এসডিএন বিএইচডির মধ্যে চুক্তির আওতায় সেখানে আন্তর্জাতিক মানের মুসলিমবান্ধব পর্যটন পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া কানাডাভিত্তিক হালালি অ্যাপ লিমিটেডের সঙ্গে চুক্তিতে ডিজিটাল সমন্বয় ও বৈশ্বিক প্রচারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীনের হালাল সার্টিফিকেশন সার্ভিসেস (চংকিং) কোম্পানি লিমিটেডের সঙ্গে সমঝোতায় মুসলিমবান্ধব নিশ্চয়তা স্বীকৃতি কর্মসূচি বাস্তবায়ন এবং চীনে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।