যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি আর্থিক সহায়তা বা অনুদান গ্রহণ করলে ভিসার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী অযোগ্যতার মুখেও পড়তে পারেন বিদেশি ভ্রমণকারীরা। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসার সঠিক ব্যবহার এবং এর নির্ধারিত শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব ভ্রমণকারীর নিজের। তাই দেশটিতে যাওয়ার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট ভিসার নিয়মকানুন ও বিধিনিষেধ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা মেনে চলার বিষয়ে সতর্ক করেছিল দূতাবাস। সেখানে বলা হয়, বিদেশি ভ্রমণকারীদের পাসপোর্ট বা প্রবেশসংক্রান্ত নথিতে উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
নিজের অনুমোদিত অবস্থানের শেষ তারিখ যাচাই করতে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার ওয়েবসাইট i94.cbp.dhs.gov ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া গত ২৮ অক্টোবরের আরেক বিজ্ঞপ্তিতে বি১/বি২ শ্রেণির ভিজিটর ভিসার ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা দেয় দূতাবাস। এতে বলা হয়, এ ধরনের ভিসায় ব্যবসায়িক বৈঠক, সভা এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে চাকরি বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়ার জন্য উপযুক্ত পৃথক ভিসা নিতে হবে।
উল্লেখ্য, বি১/বি২ ভিসা মূলত অস্থায়ী ব্যবসায়িক সফর, পর্যটন ও চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। তবে এই ভিসা দিয়ে দেশটিতে স্থায়ীভাবে বসবাস বা অনুমোদনহীন চাকরি করার সুযোগ নেই।