পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের পর্যটন মৌসুম শুরু হতেই বাড়ছে দর্শনার্থীর ভিড়। কাঞ্চনজঙ্ঘা, চা-বাগান ও শীতের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের আবাসনসংকট মেটাতে স্থানীয় বাড়িগুলোতে চালু হচ্ছে হোমস্টে সেবা। এতে একদিকে পর্যটকদের বিকল্প আবাসনের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে বাড়তি আয়ের পথ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় সারা বছর পর্যটকের আনাগোনা থাকলেও অক্টোবর থেকে শীতকাল পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে আকাশ পরিষ্কার থাকলে তেঁতুলিয়া থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। পাশাপাশি সমতলের বিস্তীর্ণ চা-বাগান ও শীতের আবহ পর্যটকদের আকর্ষণ করে।

পর্যটকের সংখ্যা বাড়ায় মৌসুমের ব্যস্ত সময়ে আবাসিক হোটেল ও রিসোর্টে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে তেঁতুলিয়া ডাকবাংলো ও আশপাশের এলাকার বাসিন্দারা নিজেদের বাড়ির অব্যবহৃত কক্ষ পর্যটকদের ভাড়া দিচ্ছেন। এভাবেই জনপ্রিয়তা পাচ্ছে হোমস্টে।

গাজীপুর থেকে ঘুরতে আসা শাকিল হোসেন জানান, হোটেল বা রিসোর্টে আসন না পেয়ে বন্ধুদের নিয়ে তাঁরা একটি হোমস্টেতে রাত কাটিয়েছেন। আটজনের দল দুটি কক্ষ ভাড়া নিয়েছিল। তাঁর ভাষায়, নিরিবিলি পরিবেশে থাকার অভিজ্ঞতা তাঁদের কাছে বেশ রোমাঞ্চকর ছিল।

তেঁতুলিয়া ডাকবাংলোর পাশের এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক আসাদ বলেন, ‘আমাদের বাড়ির দুটি রুম অব্যবহৃত থাকে। পর্যটন মৌসুমে তা পর্যটকদের ভাড়া দিই। এটি আমাদের নতুন অভিজ্ঞতা। পর্যটকেরা খুশি। আমাদের এলাকার অনেকে এখন তাঁদের অব্যবহৃত রুম পর্যটকদের ভাড়া দিচ্ছেন।’

স্থানীয়দের জন্য হোমস্টে শুধু আবাসনসেবা নয়, বাড়তি আয়েরও সুযোগ তৈরি করছে। বর্তমানে কেউ জনপ্রতি, আবার কেউ কক্ষ হিসেবে ভাড়া নিচ্ছেন। কক্ষভেদে ভাড়া ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

তবে এ খাতের দ্রুত প্রসারের সঙ্গে কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের হোমস্টে পরিচালনা, পর্যটকসেবা, খাদ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। ফলে সেবার মান এবং পর্যটক ও বাড়ির মালিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, ‘হোমস্টে ডেটাবেইসের কাজ চলছে। হোমস্টে সেবাদাতাদের আবাসন, খাদ্য ও নিরাপত্তা নিয়ে আমরা পর্যায়ক্রমে প্রশিক্ষণের পরিকল্পনা নিয়েছি।’

তিনি আরও জানান, সরকারি পরিকল্পনা ও যুবক-নারীদের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। পাশাপাশি ইকোট্যুরিজম ও পরিবেশবান্ধব পর্যটন বিকাশেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।