রাশিয়ার রাজধানী মস্কো বলতেই চোখের সামনে ভেসে ওঠে রেড স্কয়ার, সেন্ট বেসিল ক্যাথেড্রাল ও ক্রেমলিনের ছবি। তবে শহরটির আরেকটি আকর্ষণ রয়েছে, যা পর্যটকদের মুগ্ধ করতে পারে। সেটি হলো মস্কোর মেট্রোরেল। এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং ভূগর্ভে গড়ে ওঠা এক অসাধারণ স্থাপত্যশিল্প ও ইতিহাসের সংগ্রহশালা।
মস্কোর মেট্রোরেল চালু হয় ১৯৩৫ সালে। শুরুর দিকে সোকলনিকি থেকে পার্ক কুলতুরি পর্যন্ত একটি মাত্র লাইন ছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিনের ঘনিষ্ঠ সহযোগী লাজার কাগানোভিচ এ প্রকল্পের নেতৃত্ব দেন। মেট্রোরেলটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল, যেন সাধারণ মানুষের জন্য ভূগর্ভে তৈরি করা হচ্ছে রাজপ্রাসাদ। সোভিয়েত রাষ্ট্রের শক্তি, আদর্শ ও সমৃদ্ধি তুলে ধরাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
মস্কোর মেট্রোরেল স্টেশনগুলোর দেয়াল, ছাদ ও স্তম্ভে ব্যবহার করা হয়েছে মার্বেল, মূল্যবান পাথর ও নানা ধরনের শিল্পকর্ম। সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে নির্মাণসামগ্রী আনা হয়েছিল। বর্তমানে এই নেটওয়ার্কের প্রায় ২৫০টি স্টেশন রয়েছে। প্রতিটি স্টেশনের নকশা ও শিল্পকর্মে ফুটে উঠেছে রাশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও রাজনৈতিক আদর্শ।
এর মধ্যে অন্যতম বিখ্যাত কোমসোমলস্কায়া স্টেশন। উঁচু ছাদ, হলুদ রঙের অলংকরণ, ঝাড়বাতি ও মোজাইক চিত্রে সাজানো স্টেশনটি অনেকটা রাজপ্রাসাদের মতো। এখানে রাশিয়ার বিভিন্ন সামরিক বীরের ইতিহাস তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, মায়াকোভস্কায়া স্টেশনের স্থাপত্যে রয়েছে আর্ট ডেকো নকশার প্রভাব। ১৯৩৮ সালে চালু হওয়া এই স্টেশনের ছাদে বিশেষ আলোকসজ্জা, গোলাপি রঙের পাথর এবং ঝকঝকে ধাতব স্তম্ভ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মস্কোর প্রতিরোধের মধ্যেও এই স্টেশন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশের স্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল।
প্লোশচাদ রেভলিউৎসি স্টেশনে রয়েছে ব্রোঞ্জের তৈরি ৭৬টি ভাস্কর্য। কৃষক, প্রকৌশলী, সৈনিক, নাবিক ও শিশুদের প্রতিকৃতি দিয়ে সোভিয়েত সমাজের বিভিন্ন শ্রেণিকে তুলে ধরা হয়েছে। এখানকার একটি কুকুরের ভাস্কর্যের নাক ঘষলে সৌভাগ্য আসে—এমন বিশ্বাসে পর্যটকেরা সেটি স্পর্শ করেন।
নভোস্লোবোদস্কায়া স্টেশনের ৩২টি আলোকিত রঙিন কাচের প্যানেলও বিশেষ আকর্ষণ। প্রায় ৪০ মিটার ভূগর্ভে অবস্থিত স্টেশনটি অনেকটা গির্জার অভ্যন্তরের মতো দেখায়।
মস্কোর মেট্রোরেল তাই কেবল একটি পরিবহনব্যবস্থা নয়; এটি রাশিয়ার ইতিহাস, রাজনীতি, স্থাপত্য ও শিল্পকলার এক অনন্য সমন্বয়। পর্যটকদের জন্য শহরটি ঘুরে দেখার পাশাপাশি মেট্রোরেল ভ্রমণও হতে পারে ছুটির অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।