গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের নেতিবাচক প্রভাব পড়েছে জেলার পর্যটন খাতে। সড়কে নিরাপত্তাহীনতা, যান চলাচলে বিঘ্ন ও আতঙ্কের কারণে পর্যটক-দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাতিল ও স্থগিত হয়েছে রিসোর্টের আগাম বুকিং, করপোরেট অনুষ্ঠান এবং বিভিন্ন বিনোদন আয়োজন। এতে কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন পর্যটনসংশ্লিষ্ট উদ্যোক্তারা।
শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন রিসোর্ট ও বিনোদনকেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, শ্রমিক অসন্তোষের কারণে পর্যটনের ভরা মৌসুমেও পার্কে দর্শনার্থীর সংখ্যা অর্ধেকের নিচে নেমে আসে। একপর্যায়ে তা প্রায় শূন্যের কোঠায় পৌঁছায়। গত দুই দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দর্শনার্থীর সংখ্যা এখনো স্বাভাবিক হয়নি।
তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, মানিকগঞ্জ, সাভার ও সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ সাফারি পার্কে ঘুরতে আসেন। তাঁদের অনেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করেন। শ্রমিক অসন্তোষের কারণে এসব সড়কে চলাচলে বিঘ্ন ঘটায় পর্যটকেরা ভ্রমণ পরিকল্পনা বাতিল বা স্থগিত করেছেন। অনেকে পার্কে আসার আগে ফোন করে পরিস্থিতি ও পার্কের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হচ্ছেন।
শ্রীপুরের মাওনা ইউনিয়নে অবস্থিত ড্রিম স্কয়ার রিসোর্টের জনসংযোগ কর্মকর্তা নুর আলম সিদ্দিকী বাবু বলেন, শ্রমিক অসন্তোষের কারণে রিসোর্টের ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। সড়কে নিরাপত্তাহীনতার কারণে প্রায় ৯৮ শতাংশ আয়োজন বাতিল বা স্থগিত হয়েছে। এইচএসবিসি ও ইউনিসেফের মতো প্রতিষ্ঠানের অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার আয়োজন বাতিল হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটেও পর্যটকের উপস্থিতি কমেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সোহরাব হোসেন জানান, দূরদূরান্তের অনেক দর্শনার্থী আসতে পারেননি। আগাম বুকিং দেওয়া অনেকে ফোন করে তা স্থগিত করেছেন। স্থানীয় কিছু দর্শনার্থী এলেও তাঁদের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।
এদিকে ভাওয়াল জাতীয় উদ্যানেও গত এক সপ্তাহে দর্শনার্থীর সংখ্যা কমেছে। উদ্যানের রেঞ্জার আরিফুল ইসলাম বলেন, সাধারণত শুক্র ও শনিবার দর্শনার্থীদের চাপ বেশি থাকে। তবে সড়কে যান চলাচলে বিঘ্ন, নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে এবার অনেকেই ভ্রমণে আসেননি।