ক্যারিবীয় সাগরের নীল জলরাশি, রঙিন ঔপনিবেশিক স্থাপনা আর পুরোনো আমলের গাড়ি। এসবের সঙ্গে কিউবার ভ্রমণ অভিজ্ঞতায় যোগ হয়েছে স্থানীয় মানুষের বাড়িতে থাকার সুযোগ। দেশটিতে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ আবাসনব্যবস্থা, যেখানে স্থানীয়রা নিজেদের বাড়ির কক্ষ ভাড়া দিয়ে অতিথিদের থাকার ব্যবস্থা করেন। ফলে হোটেলের পাশাপাশি সাধারণ কিউবান পরিবারের সঙ্গে থেকে তাদের জীবনযাপন ও সংস্কৃতি কাছ থেকে জানার সুযোগ পান পর্যটকেরা।

কিউবার সরকারি নাম রিপাবলিক অব কিউবা। ক্যারিবীয় অঞ্চলের বৃহত্তম দ্বীপরাষ্ট্রটির সরকারি ভাষা স্প্যানিশ। দেশটির ইতিহাস, সংগীত, স্থাপত্য, খাবার ও জীবনযাত্রায় স্প্যানিশ, আফ্রিকানসহ বিভিন্ন সংস্কৃতির প্রভাব রয়েছে।

স্থানীয়দের বাড়িতে থাকার বিশেষ ব্যবস্থা

কিউবার পর্যটন খাতে স্থানীয়দের বাড়িতে থাকার ব্যবস্থা বেশ পরিচিত। স্প্যানিশ ভাষায় একে বলা হয় ‘কাসা পার্তিকুলার’। এ ব্যবস্থায় স্থানীয় বাড়ির মালিকেরা নির্দিষ্ট কক্ষ পর্যটকদের জন্য ভাড়া দেন। কোথাও আলাদা প্রবেশপথসহ কক্ষ, আবার কোথাও পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকার সুযোগ থাকে।

এ ধরনের আবাসনে থাকার ফলে পর্যটকেরা শুধু একটি কক্ষে রাত কাটান না, বরং স্থানীয় পরিবারের আতিথেয়তা, খাবার ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও পরিচিত হতে পারেন। অন্যদিকে বাড়ির মালিকদের জন্য এটি বাড়তি আয়ের একটি উৎস।

তবে কিউবায় শুধু ব্যক্তিগত বাড়িই পর্যটকদের আবাসন নয়। দেশটিতে বিভিন্ন মানের হোটেল, অবকাশকেন্দ্র, ভিলা ও অন্যান্য পর্যটন আবাসনও রয়েছে।

হাভানা যেন ইতিহাসের জীবন্ত শহর

কিউবার রাজধানী ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাভানা দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। শহরটির পুরোনো অংশে রয়েছে কয়েক শতাব্দীর ইতিহাস বহনকারী স্থাপনা, রঙিন বাড়িঘর, লোহার নকশার বারান্দা এবং পাথর বিছানো রাস্তা।

হাভানার রাস্তায় চলাচল করা পুরোনো আমেরিকান গাড়িগুলো শহরটির অন্যতম পরিচিত দৃশ্য। এসব গাড়ি ও ঔপনিবেশিক স্থাপত্য একসঙ্গে শহরটিকে দিয়েছে স্বতন্ত্র ঐতিহাসিক আবহ।

শহরের বাইরেও রয়েছে আকর্ষণ

কিউবায় সমুদ্রসৈকত, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী জনপদের সমাহার রয়েছে। ভারাদেরো সমুদ্রসৈকত, ভিনিয়ালেস উপত্যকা এবং ত্রিনিদাদ পর্যটকদের কাছে উল্লেখযোগ্য গন্তব্য।

বিশেষ করে ভিনিয়ালেস উপত্যকার পাহাড়, সবুজ প্রাকৃতিক পরিবেশ ও তামাক চাষের ঐতিহ্য প্রকৃতিপ্রেমীদের আকর্ষণ করে। অন্যদিকে ত্রিনিদাদের পুরোনো স্থাপত্য ও ঐতিহাসিক পরিবেশ শহরভ্রমণে আগ্রহীদের জন্য বিশেষ আকর্ষণ।